
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমের উপর ধারাবাহিক হামলা এবং হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবার প্রতিবাদে শামিল হল ত্রিপুরা দক্ষিণ জেলার সাব্রুম প্রেস ক্লাবের সকল সাংবাদিক। বুধবার সাব্রুম শহরে এক প্রতিবাদ মিছিলের মাধ্যমে তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান।
সাংবাদিকদের অভিযোগ, মোহম্মদ ইউনুসের সরকারের শাসনকালে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছে। ঢাকায় দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শুধু মুদ্রণ কার্যক্রমই ব্যাহত হয়নি, সাংবাদিক ও কর্মীদের নিরাপত্তাও মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। এই ঘটনায় দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন ও সাংবাদিক সংগঠনগুলি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে।
একইসঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগও ক্রমশ বাড়ছে। বিশেষ করে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। যদিও এই ঘটনায় বাংলাদেশ পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে, তবুও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।
এই প্রেক্ষিতেই সাব্রুম প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, সমাজসেবী সংগঠন ও সচেতন নাগরিকরা অংশ নেন। মিছিল থেকে অবিলম্বে সংবাদমাধ্যমের উপর আক্রমণ বন্ধ করা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। প্রতিবাদকারীদের কণ্ঠে একটাই বার্তা গণতন্ত্র ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করতেই এই প্রতিবাদ।
