
ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রথম ক্রিসমাস মধ্যরাতের প্রার্থনায় গাজা ও প্যালেস্টাইনের মানুষের মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন পোপ লিও। খ্রিস্টের জন্মকথা স্মরণ করে তিনি বলেন, যিশু জন্মেছিলেন এক সাধারণ গোয়ালঘরে যেখানে ঈশ্বর মানুষের মাঝেই আশ্রয় নিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে পোপ প্রশ্ন তোলেন, টানা বৃষ্টি, ঝড় ও তীব্র শীতের মধ্যে গাজায় খোলা আকাশের নিচে তাঁবুতে বসবাস করা অসহায় মানুষগুলোর কথা বিশ্ব কীভাবে ভুলে থাকতে পারে?
পোপ লিও স্পষ্ট ভাষায় জানান, ইজরায়েল ও প্যালেস্টাইনের দীর্ঘদিনের সংঘাতের একমাত্র ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান হতে পারে একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা। তাঁর বক্তব্যে যুদ্ধবিধ্বস্ত গাজা, বাস্তুচ্যুত পরিবার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বিশেষ গুরুত্ব পায়। তিনি বলেন, যুদ্ধ শুধু ঘরবাড়ি নয়, মানুষের মনও ধ্বংস করে দেয়।
বিশ্বজুড়ে যুদ্ধ ও হিংসার কারণে গৃহহীন মানুষের প্রসঙ্গ তুলে ধরে পোপ বলেন, কিছু যুদ্ধ এখনও চলছে, আবার কিছু যুদ্ধ থেমে গেলেও রেখে গেছে গভীর ক্ষত ও ধ্বংসস্তূপ। বিশেষভাবে তরুণদের দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন, অস্ত্র ধরতে বাধ্য হওয়া তরুণরা যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হয়ে জীবনের অর্থ হারিয়ে ফেলছে।
এই প্রার্থনা সভা থেকে পোপ বিশ্বের সব সংঘাত বন্ধের আহ্বান জানান। ইউক্রেন, সুদান, মালি, মিয়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অস্ত্রের গর্জন থামিয়ে আন্তরিক সংলাপই পারে শান্তির পথ খুলতে।
এদিকে, অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমে দুই বছর পর আবার বড় পরিসরে ক্রিসমাস উদযাপন হয়েছে। গাজা যুদ্ধের ছায়া সত্ত্বেও হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই উৎসব শান্তি ও মানবিক সহানুভূতির বার্তাই নতুন করে তুলে ধরল।
