
নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও কোচবিহারের প্রাক্তন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রীর সরকারি বাসভবনে এই বৈঠক হয়। সূত্রের খবর, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দু’জনের মধ্যে। বিশেষ করে উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠন মজবুত করার কৌশল উঠে আসে বৈঠকে।
রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আগাম প্রস্তুতি শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ২০২১ সালের নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখল করতে না পারলেও, এবারে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির। উত্তরবঙ্গকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে ধরে নিয়ে সেখানে আসন ধরে রাখার কৌশল নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।
নিশীথ প্রামাণিক কোচবিহার জেলায় বিজেপির সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন এবং অমিত শাহের ডেপুটি হিসেবে কাজ করেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দিনহাটা থেকে জিতে বিধায়ক হলেও, রাজ্যে বিজেপি সরকার গঠন করতে না পারায় তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সাংসদ পদে থেকেই কাজ চালিয়ে যান। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার কাছে পরাজিত হন তিনি।
বৈঠকের পর নিশীথ প্রামাণিক সোশ্যাল মিডিয়ায় লেখেন, অমিত শাহের সঙ্গে কথা বলে তিনি নতুন শক্তি ও অনুপ্রেরণা পেয়েছেন এবং মানুষের সেবার কাজ আরও দৃঢ়ভাবে চালিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং বঙ্গ রাজনীতিতে বিজেপির আগামী দিনের রণকৌশলেরই ইঙ্গিত বহন করছে।
