
নন্দীগ্রামে বিজেপি কর্মী গ্রেফতারির প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মঙ্গলবার বিশাল পদযাত্রা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। প্রায় দেড় হাজারের বেশি বিজেপি কর্মী ও সমর্থক এই মিছিলে অংশ নেন। মিছিল শেষে সভামঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু।
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচির একটি ট্যাবলো ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। সেই অভিযোগের ভিত্তিতে নন্দীগ্রাম থানার পুলিশ এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে। এরপরই বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, গ্রেফতারের সময় পুলিশের দ্বারা ওই কর্মীর পরিবারের মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে।
সভায় শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, গ্রেফতার হওয়া বিজেপি কর্মী গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রীকে পুলিশ হেনস্থা ও মারধর করেছে। তিনি জানান, বিষয়টি নিয়ে আদালত ও এসসি কমিশনে অভিযোগ জানানো হয়েছে এবং কোর্ট খুললেই আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি গৌরাঙ্গ ঘোড়ার জামিন নিশ্চিত করার কথাও বলেন।
সভা থেকে সেবাশ্রয় কর্মসূচি নিয়েও তীব্র কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর দাবি, ভোটের আগে তৃণমূল নেতৃত্ব নন্দীগ্রামে এসে সেবাশ্রয়ের নামে মানুষকে বিভ্রান্ত করছে। তিনি বিতর্কিত মন্তব্য করে বলেন, সেবাশ্রয়ের ট্যাবলেট নিয়ে মানুষকে সতর্ক থাকতে হবে এবং দাবি করেন, হিন্দু জনসংখ্যা কমানোর ষড়যন্ত্র করা হচ্ছে। এই মন্তব্যের পরই নন্দীগ্রামের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
শুভেন্দু আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে এবং যোগ্য প্রার্থীদের চাকরি ফেরাতে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। তাঁর এই বক্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে নন্দীগ্রামে।
