
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ ৩০ ডিসেম্বর কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশ নিতে চলেছেন। প্রশাসনিক ও রাজনৈতিক সূত্রের খবর, দুপুর বারোটার আগেই তিনি শহরের হোটেল অলট এয়ারে পৌঁছবেন। সেখানে পৌঁছনোর পর মধ্যাহ্নভোজের বিরতি সহ টানা প্রায় চার ঘণ্টা তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও আলোচনায় ব্যস্ত থাকবেন বলে জানা গেছে। এই বৈঠকগুলিতে দলের শীর্ষ নেতৃত্ব ও রাজ্যস্তরের নেতারা উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের দাবি।
হোটেল পর্ব শেষ করার পর বিকেল সাড়ে চারটার কাছাকাছি সময়ে অমিত শাহের পৌঁছনোর কথা গোয়াবাগানের অভেদানন্দ রোডে নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে। সেখানে প্রায় দু’ঘণ্টা থাকার সম্ভাবনা রয়েছে তাঁর। এই বৈঠকে আসন্ন রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক বিষয় এবং রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রীর সফর ঘিরে আগে থেকেই তৎপর প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। বিজেপির রাজ্য নেতৃত্বের কাছেও এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অমিত শাহের উপস্থিতিতে দলের ভবিষ্যৎ রূপরেখা ও কৌশল নিয়ে স্পষ্ট দিকনির্দেশ মিলতে পারে বলে আশাবাদী দলীয় কর্মী-সমর্থকরা।
