
ভারতীয় ক্রিকেট দলে গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনায় আপাতত দাঁড়ি টানল বিসিসিআই। টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতার কারণে তাঁকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে এমন খবর ঘিরে চর্চা তুঙ্গে উঠেছিল। এমনকি তাঁর পরিবর্তে ভিভিএস লক্ষ্মণকে নতুন টেস্ট কোচ করা হতে পারে বলেও গুঞ্জন ছড়ায়। তবে বোর্ডের শীর্ষ কর্তারা স্পষ্ট জানিয়ে দিলেন, এই মুহূর্তে গম্ভীরকে সরানোর কোনও পরিকল্পনাই নেই।
বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এবং সহ-সভাপতি রাজীব শুক্লা দু’জনেই সংবাদমাধ্যমের সামনে এই জল্পনা নাকচ করেছেন। রাজীব শুক্লার কথায়, “প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে নানা রকম আলোচনা চলছে। আমি পরিষ্কার করে জানাতে চাই, তাঁকে সরানোর বা নতুন কোচ নিয়োগের কোনও ভাবনাই বোর্ডের নেই।” সচিব দেবজিত সাইকিয়াও একই সুরে জানিয়েছেন, গম্ভীরের ওপর বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে।
উল্লেখ্য, গৌতম গম্ভীর প্রধান কোচ হওয়ার পর ভারতীয় দল টেস্ট ক্রিকেটে খুব একটা ভালো ফল করতে পারেনি। তাঁর কোচিং আমলে এখনও পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচে হেরেছে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও পরিস্থিতি জটিল। ফাইনালে উঠতে হলে বাকি ম্যাচগুলির মধ্যে অন্তত সাতটিতে জয় পেতেই হবে ভারতকে, যা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো কঠিন সফরে অত্যন্ত চ্যালেঞ্জিং।
এরই মাঝে জানা গেছে, ২০২৬ সালের অগাস্ট পর্যন্ত ভারতীয় দল কোনও টেস্ট ম্যাচ খেলবে না। প্রায় আট মাস টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকবে টিম ইন্ডিয়া। অগাস্টে শ্রীলঙ্কা সফর দিয়ে ফের টেস্ট অভিযান শুরু হবে, এরপর নিউজিল্যান্ড সফর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ ও সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ আসবে অস্ট্রেলিয়া সফরে, বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের লড়াইয়ে।
সব মিলিয়ে ব্যর্থতার চাপ থাকলেও, আপাতত গৌতম গম্ভীরের কোচিং কুর্সি যে নিরাপদ, সে কথাই স্পষ্ট করে দিল বিসিসিআই।
