
সুইজারল্যান্ডের জনপ্রিয় স্কি রিসর্ট শহর ক্রাঁস-মন্টানায় বর্ষবরণের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। আহত হয়েছেন ১১৯ জনের বেশি, যাঁদের মধ্যে বহু জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটে শহরের পরিচিত বার Le Constellation-এ। আনন্দ-উৎসবের মুহূর্তেই সেই বার পরিণত হয় মৃত্যুফাঁদে।
বারটির মালিক ফরাসি নাগরিক জ্যাক মোরেত্তি ও তাঁর স্ত্রী জেসিকা সুইস সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই দুর্ঘটনার ধাক্কায় তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁদের কথায়, “আমরা খেতে পারছি না, ঘুমোতে পারছি না।” তাঁরা জোর দিয়ে দাবি করেছেন, বারে সমস্ত নিরাপত্তা বিধি মেনেই কাজ চলত। গত ১০ বছরে তিনবার নিরাপত্তা পরিদর্শন হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।
সুইস সংবাদপত্র Tribune de Geneve-কে দেওয়া সাক্ষাৎকারে মালিকরা জানান, ঘটনার দিন জ্যাক মোরেত্তি বারে উপস্থিত ছিলেন না। তবে জেসিকা সেখানে ছিলেন এবং তিনি সামান্য আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ চিত্র। জানা গিয়েছে, বারের বেসমেন্টে আগুন লাগে এবং সেখান থেকে গ্রাউন্ড ফ্লোরে ওঠার জন্য ছিল মাত্র একটি সরু সিঁড়ি। হুড়োহুড়ির মধ্যে অনেকেই বেরোতে পারেননি। উল্লেখযোগ্যভাবে, আবাসিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে থাকা এই বারে প্রায় ৩০০ জনের থাকার ব্যবস্থা ছিল এবং ছাদেও আরও ৪০ জন থাকতে পারতেন।
বর্ষবরণের আনন্দ মুহূর্তে কীভাবে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে সুইস প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি ছিল কি না, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। তদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে গোটা দেশ।
