
নতুন বছর মানেই আনন্দ, পার্টি আর উদযাপন। ২০২৬-কে স্বাগত জানাতে ৩১ ডিসেম্বর রাতেই গোটা দেশে কার্যত রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে। বার, রেস্তরাঁ, পাব থেকে শুরু করে খুচরো দোকান সব জায়গাতেই ছিল উপচে পড়া ভিড়। উৎসবের সেই রাতেই ভেঙেছে একাধিক পুরনো বিক্রির রেকর্ড।
পরিসংখ্যান বলছে, মদ বিক্রির নিরিখে দেশের মধ্যে একেবারে শীর্ষে রয়েছে তেলঙ্গানা। ৩০ ও ৩১ ডিসেম্বর মিলিয়ে এই রাজ্যে মদ বিক্রির অঙ্ক ছাড়িয়েছে ৮০০ কোটি টাকা, যা দৈনিক গড় বিক্রির প্রায় আট গুণ। এই বিপুল বিক্রির মূল কেন্দ্র ছিল হায়দরাবাদ, তার পরে রাঙ্গা রেড্ডি ও মেদচাল জেলা। গত বছর একই সময়ে যেখানে বিক্রি ছিল প্রায় ৭০০ কোটি টাকা, সেখানে এবার তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু ডিসেম্বর মাসেই তেলঙ্গানার আবগারি দফতরের আয় হয়েছে ৩,৫২৩ কোটি টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। বর্ষবরণের রাতে সেখানে প্রায় ৬০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে, যা রাজ্যের আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে। পিছিয়ে নেই কর্ণাটকও। বেঙ্গালুরুতে হাউস পার্টি ও বারের দাপটে ২৮ ডিসেম্বর এক দিনেই মদ বিক্রি হয়েছে ৪০৯ কোটি টাকার, আর বর্ষবরণের রাতে বিক্রির অঙ্ক ছিল ৩০৮ কোটি টাকা।
অন্ধ্রপ্রদেশে মদ বিক্রি পৌঁছেছে প্রায় ৩০০ কোটি টাকায়, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। দোকান ও বার খোলা রাখার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তই এই বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। দিল্লিতে নতুন বছর উপলক্ষে প্রায় ৪০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। নয়ডায় ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি মিলিয়ে অতিরিক্ত ১৬ কোটি টাকার মদ বিক্রি হয়। কেরালাতেও বড় অঙ্কের বিক্রি হয়েছে ২৪ ও ২৫ ডিসেম্বর মিলিয়ে ১৫২ কোটি টাকা এবং বর্ষবরণের রাতে প্রায় ১০৮ কোটি টাকা।
সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই মদের রেকর্ড বিক্রি দেশের রাজ্যগুলির রাজস্ব আয়ের ছবিটাকেও বেশ স্পষ্ট করে দিল।
