
ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় দূষিত জল পানের জেরে একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার ইন্দোর সফরে এসে তিনি নিহত ও অসুস্থদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই ঘটনার সম্পূর্ণ দায় সরকারের ওপর বর্তানোর দাবি জানান।
এদিন সকালে শহরে পৌঁছে রাহুল গান্ধী প্রথমে বোম্বে হাসপাতালে যান। সেখানে জল দূষণের কারণে আক্রান্ত রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পরে ভাগীরথপুরা এলাকায় গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংবাদিকদের উদ্দেশে রাহুল বলেন, “বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা ও জল দূষণ রোধ করা রাজ্য সরকারের মৌলিক দায়িত্ব। এই ঘটনায় স্পষ্টভাবে সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সরকার। এই গাফিলতির জন্য সরকারকেই দায় নিতে হবে।”
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থার দাবিও তোলেন কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, স্মার্ট সিটির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ইন্দোরে মানুষ নিরাপদ পানীয় জল পাচ্ছে না। রাহুলের কথায়, “যে শহরে জল পান করে মানুষ মারা যাচ্ছে, সেখানে স্মার্ট সিটির দাবি অর্থহীন। এটি শুধু ইন্দোরের সমস্যা নয়, দেশের বহু শহরেই একই ছবি দেখা যাচ্ছে।”
ভাগীরথপুরার বাসিন্দাদের একাংশ জানান, রাহুল গান্ধী তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এক বাসিন্দা বলেন, “অর্থ সাহায্য পেলেও আমাদের আসল চাহিদা বিশুদ্ধ জল ও স্থায়ী সমাধান।”
প্রসঙ্গত, এর আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ ও সমস্ত আক্রান্তের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা করেন। তবে রাহুল গান্ধীর সফরকে ঘিরে রাজ্যের বিজেপি নেতাদের কটাক্ষও সামনে এসেছে। সব মিলিয়ে, জল দূষণ কাণ্ডে ইন্দোরে প্রশাসনিক দায়িত্ব ও জবাবদিহি নিয়ে নতুন করে রাজনৈতিক চাপ বাড়ল।
