
ভোটমুখী বাংলায় দু’দিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ জানুয়ারি মালদহ ও ১৮ জানুয়ারি হুগলির সিঙ্গুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সফরের আগেই সামাজিক মাধ্যমে পোস্ট করে বাংলায় আসা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর পোস্টে উঠে এসেছে রেল পরিকাঠামো ঘিরে বড়সড় পরিকল্পনার কথা।
প্রধানমন্ত্রীর দাবি, শুধুমাত্র মালদহেই ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস হবে। এর মধ্যে অন্যতম হাওড়া ও গুয়াহাটির মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা। রেল যোগাযোগে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ বলেই দাবি কেন্দ্রের।
নিজের বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো আরও মজবুত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই বালুরঘাট–হিলি নতুন রেললাইন, নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের মতো প্রকল্পের শিলান্যাস করা হবে। পাশাপাশি, চারটি নতুন অমৃত ভারত ট্রেনেরও সূচনা হবে।
প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছে, ১৭ জানুয়ারি দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ মালদহ স্টেশন থেকেই হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরদিন, অর্থাৎ ১৮ জানুয়ারি সিঙ্গুরে সরকারি সভা থেকে প্রায় ৮৩০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এর মধ্যে বালাগড়ে বর্ধিত বন্দর গেট সিস্টেম ও রোড ওভার ব্রিজের কাজও রয়েছে।
এই সফরকে ঘিরে রাজ্য রাজনীতিতে বাড়ছে চর্চা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী বাংলার উন্নয়নে ধারাবাহিক অবদান রেখে চলেছেন এবং এই সফর সেই উন্নয়ন যাত্রাকে আরও এগিয়ে নেবে। বিজেপি নেতৃত্বের মতে, ১৭ জানুয়ারি উত্তরবঙ্গের রেল মানচিত্রে এক ঐতিহাসিক দিন হয়ে উঠতে চলেছে।
