
দিল্লি থেকে বাগডোগরাগামী একটি ইন্ডিগো বিমানে রবিবার সকালে বোমা রাখার হুমকি ঘিরে তীব্র আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। উড়ান শুরুর প্রায় এক ঘণ্টার মধ্যেই মাঝ আকাশে এই হুমকির খবর আসে। নিরাপত্তার স্বার্থে কোনও ঝুঁকি না নিয়ে পাইলট দ্রুত সিদ্ধান্ত নেন এবং বিমানটিকে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৭টা নাগাদ দিল্লি থেকে উড়ান শুরু করেছিল বিমানটি। কিছুক্ষণ পরেই বোমা সংক্রান্ত সতর্কবার্তা আসে। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ানো এড়াতে মাঝ আকাশে তাঁদের সে কথা জানানো হয়নি। পরিবর্তে ‘যান্ত্রিক ত্রুটি’র অজুহাতে বিমান ঘোরানোর কথা বলা হয়। অবতরণের পর বিমানটিকে বিমানবন্দরের একটি আইসোলেটেড জায়গায় নিয়ে যাওয়া হয়।
লখনউ বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই শুরু হয় জোরদার তল্লাশি। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। বিশেষ প্রশিক্ষিত কুকুর দিয়ে বিমানের প্রতিটি কোণ, যাত্রীদের লাগেজ ও কেবিন খুঁটিয়ে পরীক্ষা করা হয়। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও চিরুনি তল্লাশি চলছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। সব যাত্রীই নিরাপদ রয়েছেন এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তদন্তকারীরা খতিয়ে দেখছেন, বোমার হুমকি আদৌ সত্যি ছিল নাকি শুধুই ভুয়ো ফোন বা বার্তা দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা। যদি এটি ভুয়ো প্রমাণিত হয়, তাহলে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য বিমান চলাচলে বিঘ্ন ঘটলেও, নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
