
গঙ্গাসাগর মেলা মানেই লক্ষ লক্ষ মানুষের ঢল, পুণ্যস্নান আর তীব্র ভিড়। সেই ভিড়েই প্রতি বছর অনেকেই হারিয়ে যান আপনজনের থেকে। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে আশার কথা, মানবিক সেবায় আবারও নজির গড়ল হ্যাম রেডিও।
১৬ তারিখ গভীর রাতে, প্রায় বারোটার সময় সঙ্গী হারিয়ে অসহায় অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করা হয়। সেই উদ্ধার অভিযানের মধ্য দিয়েই হ্যাম রেডিও পূর্ণ করল ১৭৩০ জন উদ্ধারের মাইলফলক। এদের মধ্যে ১৭২৭ জনকে সফলভাবে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। পরিবারের খোঁজে এখনও আশায় রয়েছেন বাকি ৩ জন।
দক্ষিণ ২৪ পরগনার গোপাল শীলের তত্ত্বাবধানে পরিচালিত এই মানবিক উদ্যোগের অন্যতম উদাহরণ বিহারের পাটনা জেলার সত্তরোর্ধ্ব অজয় যাদব। মকর সংক্রান্তিতে পুণ্যস্নান সেরে ফেরার পথে কচুবেড়িয়া ঘাটের অন্ধকারে তিনি হারিয়ে ফেলেন সঙ্গীদের। ভয় আর শীতে কাঁপতে থাকা সেই বৃদ্ধকে রাত ১২টার দিকে উদ্ধার করেন হ্যাম রেডিও ইনচার্জ দিবস মন্ডল। নিরাপদ আশ্রয়, খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করার পর ডিজিটাল প্রযুক্তির সাহায্যে যোগাযোগ করা হয় বিহারে থাকা তাঁর পরিবারের সঙ্গে। পরদিন নাতি এসে দাদুকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন।
একইভাবে উত্তরপ্রদেশের আজাদনগর থেকে আসা শম্ভু দয়াল ভিড়ের চাপে স্ত্রীকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে খবর পেয়ে দ্রুত পাশে দাঁড়ান দিবস মন্ডল ও নির্মলেন্দু মাহাতো। ডিজিটাল মোবাইল রেডিও প্রযুক্তির মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে শেষ পর্যন্ত বড় ছেলে অমিতের হাতে বাবাকে তুলে দেওয়া হয়। সঙ্গে ফিরিয়ে দেওয়া হয় উদ্ধার হওয়া আধার কার্ড, মোবাইল ফোন ও নগদ টাকা।
মেলা পরিসংখ্যান বলছে, ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত মোট ১৭৩০ জন হারিয়ে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ৪ জন শিশু ও ৩ জন কিশোর-কিশোরী। দুর্ভাগ্যজনকভাবে ৩ জনের মৃত্যু হলেও তাঁদের পরিবারের পাশে থেকেছে হ্যাম রেডিও। মেলা শেষ হলেও ‘হেল্প অলওয়েজ ম্যান গাইড’ এই মন্ত্রেই ২৪ ঘণ্টা মানুষের পাশে থাকার বার্তা দিয়ে গেল দেবদূত হ্যাম রেডিও।
