
মঙ্গলবার থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নিতিন নবীন। মাত্র ৪৫ বছর বয়সে তিনি বিজেপির কনিষ্ঠতম সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। জে পি নাড্ডার পরে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার তুলে নেওয়ার সময় তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন নিতিন নবীন। দলের রিটার্নিং অফিসার কে লক্ষ্মণ জানান, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর দেখা যায় একমাত্র প্রার্থী হিসেবে নিতিন নবীনই মনোনয়ন জমা রেখেছেন। এর ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। উল্লেখ্য, গত ডিসেম্বরে তাঁকে বিজেপির কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।
সভাপতি নির্বাচিত হওয়ার আগেই সক্রিয় ভূমিকায় দেখা যায় নিতিন নবীনকে। মনোনয়ন জমা দেওয়ার পর সোমবার রাতেই পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী, সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে ও অমিত মালব্য। সূত্রের খবর, বৈঠকে পশ্চিমবঙ্গের এসআইআর ইস্যু এবং রাজ্য সংগঠনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দলীয় সূত্র আরও জানাচ্ছে, সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর চলতি মাসেই পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন নিতিন নবীন। সেই সময় রাজ্য সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনাও রয়েছে। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই তাঁর দায়িত্বগ্রহণকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
নিতিন নবীন প্রয়াত বিজেপি নেতা নবীন কিশোর সিনহার পুত্র। এবিভিপির মাধ্যমে ছাত্র রাজনীতিতে তাঁর হাতেখড়ি। ২০১০ সালে প্রথমবার বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন তিনি এবং তারপর থেকে টানা ওই কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
