
বৃহস্পতিবার শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদের বাইরে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেটের আগে সংসদ সদস্যদের উদ্দেশে সহযোগিতার বার্তা দেন। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করবেন। তার আগে প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন “লং টার্ম প্রবলেম” থেকে বেরিয়ে “লং টার্ম সলিউশন”-এর পথে এগোচ্ছে এবং এই সময়ে সাহসী সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে জরুরি।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রে বিরোধিতা স্বাভাবিক, তবে দেশের স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি সাংসদদের উদ্দেশে আবেদন জানান, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের গতি বাড়াতে। তাঁর কথায়, এই সরকারের পরিচয় হল “রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম।” ইতিমধ্যেই সংস্কার ও কর্মদক্ষতার মাধ্যমে কাজ করা হয়েছে এবং আগামী দিনে রূপান্তরের লক্ষ্য আরও জোরদার হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
বক্তব্যে আত্মনির্ভর ভারতের প্রসঙ্গও উঠে আসে। প্রধানমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিকে তিনি “আশার আলো” হিসেবে দেখছেন। এই চুক্তি দেশের উৎপাদন ক্ষেত্র, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষমতা বাড়াবে বলে তাঁর দাবি। পাশাপাশি কৃষক ও মৎস্যজীবীদের জন্যও নতুন সুযোগ তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি। গুণমানের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মান বজায় থাকলেই আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদি বিশ্বাস তৈরি হয়।
২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে আগামী ২৫ বছরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটি এই শতাব্দীর দ্বিতীয় অংশের প্রথম বাজেট, যা দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক দিশা নির্ধারণে বড় ভূমিকা নেবে। উল্লেখযোগ্যভাবে, নির্মলা সীতারামন টানা নবমবার বাজেট পেশ করতে চলেছেন, যা একটি ঐতিহাসিক নজির।
বাজেট অধিবেশনের শুরুতেই সরকারের সংস্কার, বাণিজ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের বার্তা স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী।
