
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আগামী ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন। তাঁর অবসরের পর রাজ্যের নতুন ডিজি কে হবেন, তা নিয়ে জট আরও গভীর হচ্ছে। ক্যাটের (সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল) নির্দেশের পর এবার ইউপিএসসি-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন আইপিএস অফিসার রাজেশ কুমার। এর ফলে ডিজি নিয়োগ প্রক্রিয়া ঘিরে প্রশাসনিক ও আইনি টানাপোড়েন নতুন মোড় নিল।
ক্যাটের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারকে ২৩ জানুয়ারির মধ্যে প্রস্তাবিত নামের তালিকা ইউপিএসসি-কে পাঠাতে বলা হয়। পাশাপাশি, ২৮ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-র এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক করে ২৯ জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্যানেল রাজ্য সরকারের কাছে পাঠানোর নির্দেশ ছিল। সেই অনুযায়ী রাজ্য সরকার ইতিমধ্যেই আটজন আইপিএস অফিসারের নাম প্রস্তাব করেছে। নিয়ম অনুযায়ী, ইউপিএসসি-র তরফ থেকে তিনজনের নামের একটি প্যানেল পাঠানোর কথা।
তবে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই ইউপিএসসি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। এই পদক্ষেপকে কেন্দ্র করেই রাজেশ কুমার আদালত অবমাননার মামলা করেন। তাঁর অভিযোগ, ক্যাটের নির্দেশ থাকা সত্ত্বেও ইউপিএসসি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না করে বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে রাজেশ কুমার ক্যাটে মামলা করেন। তাঁর অভিযোগ ছিল, একটি বৈঠকে রাজীব কুমার, রাজেশ কুমার ও রণবীর কুমারের নাম বাদ দেওয়া হয়, এই যুক্তিতে যে তাঁদের চাকরির মেয়াদ কম। তবে রাজেশ কুমারের দাবি, ডিজি মনোজ মালব্য অবসর নেওয়ার সময় তাঁদের চাকরির মেয়াদ যথেষ্ট ছিল এবং সেই যুক্তি গ্রহণযোগ্য নয়।
রাজ্যের শীর্ষ পুলিশ পদে নিয়োগ ঘিরে প্রশাসনিক অনিশ্চয়তা ও আইনি জটিলতা ক্রমশ বাড়ছে। নতুন ডিজি নিয়োগ কবে এবং কীভাবে চূড়ান্ত হয়, সেদিকেই এখন নজর প্রশাসন ও রাজনৈতিক মহলের।
