
সুপ্রিম কোর্টে মঙ্গলবার I-PAC সংক্রান্ত মামলার শুনানি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর দাখিল করা হলফনামার জবাব দিতে সময় চাওয়ায় আদালত আগামী মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতুবি রাখে। ফলে ১০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
সোমবার রাতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর তরফে হলফনামা দাখিল করা হয়। সেখানে জানানো হয়, ED-র তল্লাশিতে কোনওরকম বাধা দেওয়া হয়নি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তকারী সংস্থার অনুমতি নিয়েই দলীয় সংক্রান্ত কিছু নথি নিয়ে যান। রাজ্যের বক্তব্য, আইনের পরিধির মধ্যেই প্রশাসনিক সহযোগিতা করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ ভিত্তিহীন।
এর আগে I-PAC সংক্রান্ত তদন্ত ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়। বিরোধীদের অভিযোগ, তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা হয়েছে। পাল্টা শাসকদলের দাবি, কেন্দ্রের তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এই টানাপোড়েনে মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে এবং শুনানির দিন ধার্য হয়।
মঙ্গলবার আদালতে ED পক্ষ থেকে জানানো হয়, রাজ্য সরকারের হলফনামার প্রতিটি বক্তব্য খতিয়ে দেখে লিখিত জবাব দিতে কিছুটা সময় প্রয়োজন। সেই আবেদন মঞ্জুর করেই বিচারপতি শুনানি পিছিয়ে দেন। আগামী শুনানিতে মামলার মেরিট ও তদন্তের পরিধি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আসতে পারে বলে আইনজীবী মহলে মত। এই মামলার গতিপ্রকৃতি রাজ্য-রাজনীতিতে নতুন করে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা।
