
আজ, ৪ ফেব্রুয়ারি ২০২৬, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিন। একদিকে দিল্লিতে সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ সূচক আলোচনার জবাব দিতে দাঁড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে কলকাতা থেকে নজর সুপ্রিম কোর্টের দিকে, এসআইআর (SIR) মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করতে পারেন কি না, তা নিয়েই জোর জল্পনা। মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়, এসআইআর-এর বিরুদ্ধে শীর্ষ আদালতে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী নিজেই। বাস্তবে তা হলে, পদে থাকা অবস্থায় সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করা দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নজির গড়তে পারেন তিনি।
আজকের দিনটি তৃণমূল কংগ্রেসের জন্য আরও তাৎপর্যপূর্ণ। জাতীয় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনার প্রক্রিয়া শুরু করতে চলেছে দলটি। একই সঙ্গে সুপ্রিম কোর্টে আজ তালিকাভুক্ত রয়েছে ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনের দায়ের করা মামলাও। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে একসঙ্গে একাধিক মামলার শুনানি হওয়ার কথা।
অন্যদিকে বঙ্গ বিজেপির অন্দরেও চলছে কৌশল নির্ধারণ। নতুন সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের কাজ আটকে থাকার বিষয়টি নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরার নির্দেশ এসেছে বলে দলীয় সূত্রের খবর। বিরোধী শিবিরের আক্রমণের মুখে এই ইস্যুগুলি কীভাবে রাজনৈতিক ময়দানে প্রভাব ফেলবে, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য।
সব মিলিয়ে, আজ সুপ্রিম কোর্ট থেকে সংসদ, দুই প্রান্তেই রাজনৈতিক উত্তাপ চরমে। নজর থাকবে, ‘উকিল’ মমতা আদৌ আদালতে সওয়াল করেন কি না এবং দিল্লিতে প্রধানমন্ত্রীর বক্তব্যে কোন বার্তা উঠে আসে।
