
কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্ত এবং ভারত-নেপাল সীমান্ত লাগোয়া অঞ্চলে চলাচলকারী দূরপাল্লার ট্রেনে যাত্রীদের জন্য পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। রেলওয়ে বোর্ডের নির্দেশ অনুযায়ী, অনলাইন টিকিট থাকলেও ট্রেনে ওঠার সময় যাত্রীকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে। তা না দেখালে তাকে টিকিটবিহীন যাত্রী হিসেবে গণ্য করা হবে।
গোয়েন্দা সূত্রের খবর, সীমান্তের এই অংশগুলো অনুপ্রবেশকারীদের জন্য প্রায়শই ব্যবহার হয়ে থাকে। অনুপ্রবেশকারী রেলপথ ব্যবহার করে কলকাতা, দেশের অন্যান্য বাণিজ্য নগরী এবং রাজধানীতে পৌঁছানোর চেষ্টা করে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ সীমান্তবর্তী ট্রেনগুলির ওপর বিশেষ নজরদারি চালাচ্ছে।
রেল বোর্ড থেকে প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারদের চিঠি পাঠানো হয়েছে যাতে তারা এই নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করেন। নির্দেশে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ এবং ভারত-নেপাল সীমান্তের পাশাপাশি অন্যান্য এলাকায়ও আইডেন্টিটি যাচাই প্রয়োজন হলেও সীমান্তবর্তী অঞ্চলে বিশেষভাবে কঠোর নজরদারি চালাতে হবে।
এই পদক্ষেপের মূল লক্ষ্য দেশের অভ্যন্তরে অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করা। বিশেষ করে, সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীরা রেলপথ ব্যবহার করে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, সেই আশঙ্কা মাথায় রেখে এই নির্দেশনা জারি করা হয়েছে।
যাত্রীদের সচেতন থাকার পাশাপাশি, রেলওয়ে কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে ট্রেনে ওঠা যাত্রীদের পরিচয় যাচাই যথাযথভাবে করার জন্য। নিরাপত্তা ও নিয়মিত যাচাই চালিয়ে, রেলওয়ে আশা করছে সীমান্তবর্তী অঞ্চলে যাত্রী চলাচল আরও নিরাপদ হবে।
