
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় বড় রায় দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারকে অবিলম্বে ২৫ শতাংশ ডিএ মেটাতে হবে এরিয়ার সমেত। পাশাপাশি বাকি ৭৫ শতাংশ বকেয়া ডিএ ধাপে ধাপে পরিশোধের রূপরেখা তৈরি করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ জানায়, রাজ্যকে এখনই আংশিক বকেয়া মিটিয়ে সদিচ্ছা দেখাতে হবে। বাকি অর্থ পরিশোধের প্রক্রিয়া তদারকির জন্য একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে এই কমিটি রাজ্যের আর্থিক অবস্থান খতিয়ে দেখে কীভাবে বকেয়া মেটানো সম্ভব, তার রিপোর্ট দেবে নির্দিষ্ট সময়ের মধ্যে। কমিটিতে থাকবেন আর্থিক প্রশাসনের অভিজ্ঞ প্রতিনিধিরাও।
গত কয়েক বছর ধরে কেন্দ্রের সমহারে ডিএ দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আন্দোলনের সময়সীমা হাজার দিনের গণ্ডি পেরোনোয় ক্ষোভ আরও তীব্র হয়। আদালতের এ দিনের নির্দেশে আন্দোলনকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। অনেকের মতে, এই রায় শুধু অর্থপ্রাপ্তির বিষয় নয়, কর্মচারীদের ন্যায্য দাবির স্বীকৃতিও।
তবে ডিএ মৌলিক অধিকার কি না, এই প্রশ্নে আপাতত চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি শীর্ষ আদালত। রাজ্য সরকারের তরফে আর্থিক সংকটের কথা তুলে ধরা হলেও আদালত সময়বদ্ধ পরিকল্পনার মাধ্যমে বকেয়া মেটানোর ওপর জোর দিয়েছে। এখন নজর কমিটির রিপোর্ট ও রাজ্যের পরবর্তী পদক্ষেপের দিকে।
