
ফেব্রুয়ারি এলেই প্রেমের আবহে ভরে ওঠে চারপাশ। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ভ্যালেন্টাইনস উইক, যা চলে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সাত দিনে প্রেমিক–প্রেমিকারা আলাদা আলাদা দিনে নিজেদের অনুভূতি প্রকাশ করেন ছোট ছোট উপহার, সারপ্রাইজ আর সময় দেওয়ার মাধ্যমে। ২০২৬ সালেও তার ব্যতিক্রম নয়, ভালোবাসার এই সপ্তাহে কোন দিন কী, আগেভাগেই জেনে নিলে পরিকল্পনা করা সহজ হয়।
৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু প্রেমের উৎসব। লাল গোলাপ ভালোবাসার প্রতীক হলেও অনেকেই বন্ধুত্ব বা কৃতজ্ঞতা প্রকাশে হলুদ বা গোলাপি গোলাপ বেছে নেন। ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে, মনের কথা বলার সবচেয়ে জনপ্রিয় দিন। বহু সম্পর্কের শুরু হয় এই দিনেই। ৯ ফেব্রুয়ারি চকলেট ডে, প্রিয়জনের সঙ্গে মিষ্টি মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ। ১০ ফেব্রুয়ারি টেডি ডে, নরম, আদুরে উপহারে সম্পর্কের উষ্ণতা বাড়ে।
১১ ফেব্রুয়ারি প্রমিস ডে সম্পর্কের ভিত মজবুত করার দিন। একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি এই দিনে আলাদা গুরুত্ব পায়। ১২ ফেব্রুয়ারি হাগ ডে, একটি আলিঙ্গন অনেক কথা বলে দেয়। ১৩ ফেব্রুয়ারি কিস ডে ভালোবাসার কোমল প্রকাশের দিন। আর সবশেষে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে, পুরো সপ্তাহের চূড়ান্ত উদযাপন। প্রেমিক–প্রেমিকা, স্বামী–স্ত্রী কিংবা কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো, ছোট উপহার বা ডিনার প্ল্যান, সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
তবে ভালোবাসা মানেই বড় উপহার নয়। সময় দেওয়া, মন দিয়ে শোনা আর ছোট যত্নই সম্পর্কের আসল শক্তি। তাই ভ্যালেন্টাইনস উইকে দামি কিছু না হলেও চলবে, একটু ভাবনা আর আন্তরিকতাই যথেষ্ট।
