
বাঙালির হেঁসেলে ভাপা রান্নার কথা উঠলেই ইলিশ বা চিংড়ির নাম সবার আগে আসে। তবে কষা মাংস বা কাবাবের একঘেয়েমি কাটাতে চিকেন ভাপা হতে পারে এক দুর্দান্ত বিকল্প। সামনেই ভালোবাসার মরসুম, তাই প্রিয় মানুষের মন জয় করতে খুব কম পরিশ্রমে বানিয়ে ফেলুন এই পদ। এই রান্নাটি করা যেমন সহজ, এর স্বাদও ঠিক ততটাই অতুলনীয়। হাড় ছাড়া চিকেনের ছোট ছোট টুকরো আর অল্প কিছু ঘরোয়া মশলা থাকলেই কেল্লাফতে। বাড়ির ছোট থেকে বড়, সবাই যে এটি চেটেপুটে খাবেন, তা হলফ করে বলা যায়।
এই রান্না শুরু করার জন্য প্রথমে হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিন এবং আলুগুলোও একই মাপে কিউব করে কেটে রাখুন। কড়াইতে অল্প তেল গরম করে আলুগুলো হালকা লালচে করে ভেজে তুলে নিন। এবার ওই তেলেই আদা, পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে চিকেনের টুকরোগুলো হালকা করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় নিজের স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে নিতে পারেন। মাংস থেকে কাঁচা ভাব চলে গিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন নামিয়ে নিন। অন্য দিকে তিন-চার চামচ পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে রাখুন।
সবশেষে আসবে ভাপানোর পালা। একটি টিফিন বাটি নিয়ে তার নিচে প্রথমে ভাজা আলুর স্তর তৈরি করুন। তার ওপর দিয়ে দিন হালকা কষানো মাংসের টুকরোগুলো। সবশেষে ওপর থেকে পোস্ত বাটা এবং পোস্ত বাটার বাটি ধোয়া সামান্য জল ছড়িয়ে দিন। সুন্দর দেখানোর জন্য আর গন্ধের জন্য ওপর থেকে একটি লাল ও একটি সবুজ কাঁচা লঙ্কা দিয়ে বাটির মুখ আটকে দিন। এবার একটি বড় পাত্রে জল ফুটিয়ে তার ভেতর স্ট্যান্ড বসিয়ে টিফিন বাটিটি সাবধানে বসান। আঁচ কমিয়ে ৩৫ মিনিট ভাপে হতে দিন। নামানোর পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে ঠান্ডা হলে বাটি খুলুন। ব্যাস, গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন গরম গরম চিকেন ভাপা।।
