
বিধানসভা ভোটের আগেই রাজ্যের বেকার তরুণ-তরুণীদের জন্য নতুন সামাজিক সহায়তা প্রকল্প ‘বাংলার যুব সাথী’ ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হতে চলা এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা মাসে ১,৫০০ টাকা করে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। মূলত চাকরির খোঁজে থাকা যুবসমাজকে সাময়িকভাবে আর্থিক সুরক্ষা দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য বলে জানিয়েছে নবান্ন।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে আবেদন করতে হলে প্রার্থীর মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। বয়সসীমা ধরা হয়েছে ২১ থেকে ৪০ বছর। পাশাপাশি যাঁরা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা যুবশ্রী, তাঁরা এই প্রকল্পের আওতায় পড়বেন না। তবে পড়াশোনার জন্য কোনও স্কলারশিপ বা বৃত্তি পেলে তা বাধা হিসেবে গণ্য হবে না।
আবেদন প্রক্রিয়া নিয়ে এখনও চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করেনি রাজ্য সরকার। অনলাইন না অফলাইন,কোন পথে ফর্ম পূরণ হবে, তা স্পষ্ট নয়। তবে আধার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লাগবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। যুবশ্রী প্রকল্পের সুবিধাভোগীরা নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
রাজ্য সরকারের দাবি, চতুর্থবার ক্ষমতায় ফিরলে ১৫ অগস্ট থেকে ‘বাংলার যুব সাথী’ প্রকল্প কার্যকর করা হবে। চাকরির বাজারে টানাপোড়েনের সময়ে এই আর্থিক সহায়তা কতটা স্বস্তি দেবে, তা নিয়েই এখন কৌতূহল রাজ্যজুড়ে।
