
এক সময় টলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত ছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত ও প্রযোজক-অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। দীর্ঘ বাইশ বছরের দাম্পত্যের পর তাঁদের সম্পর্কে ভাঙনের খবর সামনে আসে। যদিও বিচ্ছেদের বিষয়টি নিয়ে প্রকাশ্যে যিশু বা নীলাঞ্জনা কেউই স্পষ্ট করে মুখ খোলেননি, তবে দুই কন্যা সারা ও জ়ারাকে নিয়ে আলাদা থাকার কথা আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন নীলাঞ্জনা। সেই থেকেই অনুরাগীদের মধ্যে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল।
এই জল্পনায় নতুন মাত্রা যোগ করল শুক্রবার মধ্যরাতে নীলাঞ্জনার একটি আবেগঘন পোস্ট। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি নোটে তিনি লেখেন, “যখন এই অধ্যায় শেষ হলো, তখন আমার মনে শুধুই কৃতজ্ঞতা। কোনও কিছু শেষ হওয়ার মানে এটা নয় যে তা অর্থহীন।” নিজের জীবনের এই অধ্যায়কে তিনি সম্মান জানিয়ে বলেন, এই পথচলাতেই তিনি নিজেকে চিনতে শিখেছেন, খুঁজে পেয়েছেন নিজের স্বর, বেড়েছে আত্মসম্মানবোধ ও স্বাধীনতার অনুভূতি।
পোস্টে আরও উল্লেখ করেন, আজ তিনি নিজের ভার নিজেই বহন করতে পারেন। অধ্যায় শেষ হলেও নিজেকে শূন্য বা রিক্ত মনে হচ্ছে না, বরং এই সিদ্ধান্ত তাঁকে দিয়েছে আরও স্বচ্ছতা, সাহস এবং নিজের উপর ভরসা রাখার শক্তি। এই কথাগুলিকেই অনেকে আইনি বিচ্ছেদের প্রক্রিয়া শেষ হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।
ব্যক্তিগত জীবনে টানাপোড়েন থাকলেও টলিউডের সঙ্গে নীলাঞ্জনার সম্পর্ক অটুট। মডেলিং থেকে অভিনয়, তারপর প্রযোজনায় তাঁর দীর্ঘ যাত্রা। কয়েক বছর বিরতির পর আবার নতুন উদ্যমে পথচলা শুরু করেছেন তিনি। বর্তমানে তাঁর প্রযোজনা সংস্থা ‘নিনি চিনিস মাম্মাস প্রডাকশন’-এর ব্যানারে ছোট পর্দায় একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে। ব্যক্তিগত জীবনের অধ্যায় বদলালেও, কর্মজীবনে নীলাঞ্জনার নতুন অধ্যায় যে দৃঢ় আত্মবিশ্বাসে শুরু হয়েছে, সেটাই স্পষ্ট।
