
কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের তৃতীয় সেমেস্টারের বিএ/বিএসসি/বিকম থিওরি পরীক্ষার দিনক্ষণ এক মাস পিছিয়ে দেওয়া হল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সিলেবাস নির্ধারিত সময়ে শেষ না হওয়া এবং পড়ুয়াদের একাংশের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ২৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, নতুন সূচি অনুযায়ী থিওরি পরীক্ষা শুরু হবে ২৫ মার্চ থেকে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ জানান, প্রায় ১৫০টি কলেজের লক্ষাধিক পড়ুয়া এই পরীক্ষায় বসবে। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে মাথায় রেখে সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে পড়ুয়ারা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পায়। তবে থার্ড সেমেস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষা আগের সূচি মেনেই ৬ মার্চ থেকে শুরু হবে। পাশাপাশি, তৃতীয় সেমেস্টারের পরীক্ষার ফর্মপূরণের সময়সীমাও বাড়ানো হয়েছে। আগে যেখানে ৩১ জানুয়ারি ছিল শেষ দিন, তা বাড়িয়ে ১০ ফেব্রুয়ারি করা হয়েছে। ইন্টারন্যাল পরীক্ষার শেষ দিন নির্ধারিত হয়েছে ১৩ ফেব্রুয়ারি।
তৃতীয় সেমেস্টারের থিওরি পরীক্ষা পিছোনোর ফলে প্রথম সেমেস্টারের পরীক্ষা নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিধানসভা ভোটের সময়সূচি ঘোষণার সম্ভাবনার কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগাম পরিকল্পনা করছে। পরীক্ষা নিয়ামক বিভাগ জানিয়েছে, প্রথম সেমেস্টারের ইন্টারন্যাল পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চের মধ্যে নেওয়া হবে। পাশাপাশি, তৃতীয় সেমেস্টারের থিওরি পরীক্ষার সময়েই প্রথম সেমেস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষাও নেওয়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশঙ্কা, তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শেষ হওয়ার পর যদি ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যায়, তবে এপ্রিলের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রথম সেমেস্টারের থিওরি পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়তে পারে। তাই পরীক্ষাসূচি নিয়ে আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এদিকে পরীক্ষার দিন পিছোনোয় অনেক পড়ুয়াই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তাঁদের মতে, সিলেবাস শেষ না হওয়ায় প্রস্তুতির জন্য সময় কম ছিল। নতুন সূচিতে পরীক্ষার ফলে তাঁরা আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন।
