
এসআইআর নিয়ে কবিতায় অভিষেকের তীব্র বার্তা
সোমবার নিজের সমাজমাধ্যমে ‘আমি অস্বীকার করি’ শীর্ষক একটি কবিতা পোস্ট করে এসআইআর (Special Intensive Revision) ইস্যুতে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কবিতার ছত্রে ছত্রে বর্তমান রাষ্ট্রব্যবস্থা ও শাসকদের বিরুদ্ধে প্রতিবাদের সুর স্পষ্ট। তালিকার শাসন, ভয় ও হয়রানির অভিযোগ তুলে অভিষেক লিখেছেন, তিনি এই ‘রক্তের উপর কালির শাসন’ অস্বীকার করেন।
এসআইআর ঘিরে মানুষের ভোগান্তি ও মৃত্যুর প্রসঙ্গ উঠে এসেছে কবিতায়। অভিষেক দাবি করেছেন, এই প্রক্রিয়ার ফলে বহু সাধারণ নাগরিক হয়রানির শিকার হয়েছেন এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে। কবিতায় নিজেকে তিনি এক জন ‘সাক্ষী’ হিসেবে তুলে ধরেছেন, যিনি সাধারণ মানুষের যন্ত্রণার কথা রাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে বলছেন।
রাজনৈতিক মহলে এই কবিতা ঘিরে চর্চা তুঙ্গে। কারণ, অভিষেকের ব্যবহৃত শব্দবন্ধ ও ভাষা অনেকটা বামপন্থী প্রতিবাদী সাহিত্যধারার মতো। নবারুণ ভট্টাচার্যের ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’ কবিতার ধাঁচের সঙ্গে তুলনা টানছেন অনেকে। প্রশ্ন উঠছে, কবিতাকে ‘অস্ত্র’ করে কি অভিষেক বিজেপি-বিরোধী বৃহত্তর জনমতকে বার্তা দিতে চাইলেন?
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত আন্তর্জাতিক কলকাতা বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ন’টি নতুন বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটি কাব্যগ্রন্থে এসআইআর ঘিরে মানুষের হয়রানি ও মৃত্যুর প্রসঙ্গ উঠে এসেছে। সেই আবহেই অভিষেকের কবিতা রাজনৈতিক বার্তাকে আরও তীক্ষ্ণ করল বলে মত পর্যবেক্ষকদের।
তৃণমূল শিবিরে কবিতা লেখা নতুন নয়, তবে নেতৃত্বের তরফে এই ভাষা ও ভঙ্গিতে সরাসরি রাষ্ট্রব্যবস্থার সমালোচনা বিরল। ফলে, অভিষেকের কবিতা শুধু সাহিত্যিক উদ্যোগ নয়, আসন্ন রাজনৈতিক লড়াইয়ের আগাম সুর বলেই দেখছেন অনেকেই।
