
শ্রম মন্ত্রকের প্রকাশিত ২০২৫ সালের AICPI-IW সূচকের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ফের সুখবর আসতে চলেছে বলে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, মার্চ মাসেই ২ শতাংশ ডিএ (ডিয়ারনেস অ্যালাউন্স) বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। ঘোষণা হলে জানুয়ারি থেকেই তা কার্যকর হবে। ফলে হোলির আগেই বেতন ও পেনশনে বাড়তি টাকা পেতে পারেন লক্ষ লক্ষ পরিবার।
ডিসেম্বর ২০২৫-এর AICPI-IW সূচক দাঁড়িয়েছে ১৪৮.২। শেষ ১২ মাসের গড় অনুযায়ী ডিএ হিসাব করে দেখা যাচ্ছে প্রায় ৬০ শতাংশের কাছাকাছি পৌঁছতে পারে মহার্ঘ ভাতা। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৫৮ শতাংশ ডিএ পাচ্ছেন। সেই হিসেবে এবারে ২ শতাংশ বৃদ্ধির সম্ভাবনাই সবচেয়ে বেশি। পেনশনভোগীদের ক্ষেত্রেও একই হারে ডিয়ারনেস রিলিফ (DR) বাড়বে।
প্রসঙ্গত, সপ্তম বেতন কমিশনের মেয়াদ ২০২৫ সালের শেষে শেষ হলেও অষ্টম বেতন কমিশনের সুপারিশ এখনও কার্যকর হয়নি। ফলে নতুন কমিশন চালু না হওয়া পর্যন্ত পুরনো কাঠামোতেই ডিএ গণনা হবে। সাধারণত জানুয়ারির ডিএ মার্চ মাসে ঘোষণা করা হয়। তাই ফেব্রুয়ারির শেষ দিকেই সরকারি বিজ্ঞপ্তি আসতে পারে বলে আশা করছেন কর্মীরা।
ডিএ বাড়লে মাসিক আয়ে সরাসরি প্রভাব পড়বে। মূল বেতন ২০ হাজার টাকা হলে প্রায় ৪০০ টাকা, ৩০ হাজার হলে ৬০০ টাকা এবং ১ লক্ষ টাকা বেতনে প্রায় ২ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগাতার মূল্যবৃদ্ধির মধ্যে এই অতিরিক্ত অর্থ অনেক পরিবারের বাজেট সামলাতে কিছুটা হলেও স্বস্তি দেবে। সব মিলিয়ে সরকারি কর্মী ও পেনশনভোগী মিলিয়ে এক কোটিরও বেশি মানুষ এই সিদ্ধান্তে উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে।
