
পশ্চিমবঙ্গের এসআইআর (Special Intensive Revision) সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সোমবার কড়া অবস্থান নিল। রাজ্যের তরফে ৮,৫০০ কর্মী দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও, তাঁদের নামের পূর্ণাঙ্গ তালিকা এখনও কমিশনের হাতে পৌঁছয়নি, এই প্রশ্নে মুখ্যসচিবকে তলব করার ইঙ্গিত দেন প্রধান বিচারপতি।
শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী জানান, বানানজনিত ছোটখাটো ভুলের কারণে বহু ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে। এর জবাবে প্রধান বিচারপতি স্মরণ করিয়ে দেন, আগের শুনানিতেই আদালত জানিয়েছিল, বাংলা জানা পর্যাপ্ত কর্মী না পাওয়ায় কমিশন বাইরে থেকে লোক নিতে বাধ্য হয়েছে। রাজ্যের দাবি, ই-মেলের মাধ্যমে শনিবারই ৮,৫০০ কর্মীর তথ্য পাঠানো হয়েছে। তবে কমিশনের আইনজীবী সেই দাবি খণ্ডন করে বলেন, তাঁদের কাছে নামের তালিকা পৌঁছয়নি।
এজলাসে প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় বলেন, “কর্মী দেওয়া হয়েছে বলা হচ্ছে, কিন্তু নামের তালিকা কোথায়? তালিকা ছাড়া কীভাবে ডিইও বা ইআরও-দের কাছে রিপোর্ট করবে ওই কর্মীরা?” তালিকা প্রস্তুত না থাকলে গোটা প্রক্রিয়া কীভাবে চলবে, সেই প্রশ্নও তোলেন তিনি। প্রয়োজনে মুখ্যসচিবকে ডেকে বিষয়টি পরিষ্কার করা হবে বলেও জানানো হয়।
কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রয়োজনীয় পদমর্যাদার অফিসার চেয়ে একাধিক চিঠি পাঠানো হয়েছিল। বাস্তবে পর্যাপ্ত গ্রুপ ‘বি’ অফিসার পাওয়া যায়নি বলেও অভিযোগ ওঠে। আদালত জানিয়ে দেয়, এসআইআর প্রক্রিয়ায় কোনও রকম বাধা বরদাস্ত করা হবে না।
প্রসঙ্গত, এখনও প্রায় ১৪ লক্ষ শুনানি বাকি রয়েছে। দ্রুত ও স্বচ্ছভাবে প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য ও কমিশনের সমন্বয় জরুরি, এই বার্তাই এদিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট।
