
উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা ও উন্নয়নের দিক থেকে গুরুত্বপূর্ণ শিলিগুড়ির চিকেনস নেক এলাকায় ভারতীয় রেলওয়ে একটি নতুন ভূগর্ভস্থ রেলপথ স্থাপনের পরিকল্পনা করছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছে, প্রায় ৪০ কিলোমিটার এই ভূগর্ভস্থ রেলপথ দক্ষিণ শিলিগুড়ি, তিন মিলে হাট ও রাঙাপানি এলাকার মধ্য দিয়ে যাবে।
রেলমন্ত্রী জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং সামরিক ও জরুরি মালামাল দ্রুত পরিবহণ করা। চিকেনস নেকের অবস্থান কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণে বাংলাদেশ, পশ্চিমে নেপাল এবং উত্তরে চীনের চুম্বি ভ্যালি, এই সব সীমান্তের প্রভাব পড়তে পারে যদি ট্রান্সপোর্ট ব্যবস্থা অপ্রস্তুত থাকে।
প্রস্তাবিত রেলপথে দুটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরি হবে। ২৫ কিলোভোল্টের দুটি এসি ইলেকট্রিফিকেশন সিস্টেম এবং অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে এটি চলবে। এই নতুন রেলপথে মালামাল পরিবহন করা সহজ ও নিরাপদ হবে, যা আকাশপথে হামলা বা প্রাকৃতিক বিপর্যয় থেকে সুরক্ষা দেবে।
নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের উদ্যোগে দার্জিলিং, উত্তর দিনাজপুর ও বিহারের কিষাণগঞ্জ পর্যন্ত এই করিডর সম্প্রসারিত করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পের মাধ্যমে সেনা চলাচল, জ্বালানি ও অন্যান্য অত্যাবশ্যকীয় সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশকে আরও কার্যকরভাবে সংযুক্ত করতে এবং সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি করতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
চিকেনস নেকের আন্ডারগ্রাউন্ড রেল প্রজেক্ট কৌশলগতভাবে নিরাপত্তা এবং উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে।
