
কলকাতা: রাজ্য বাজেটে পার্শ্বশিক্ষকদের ভাতা মাসে এক হাজার টাকা বাড়ানোর ঘোষণা হলেও তাতে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। পর্যাপ্ত বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সল্টলেকে বিকাশ ভবন অভিযান করেন পার্শ্বশিক্ষকরা। মিছিল পিএনবি মোড়ে পৌঁছতেই পুলিশের বাধার মুখে পড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গার্ডরেল দিয়ে আটকানোর চেষ্টা করলে আন্দোলনকারীরা তা টপকে এগোনোর চেষ্টা করেন। দু’পক্ষের ধস্তাধস্তিতে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে।
এদিন আন্দোলনকারীরা সর্বশিক্ষা মিশনের ফাইল দ্রুত কার্যকর করার দাবিও তোলেন। বিকাশ ভবনের সামনে পৌঁছে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। এক আন্দোলনকারী বলেন, “আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তবুও এক হাজার টাকা ফেরত দিতে এসেছি, এই বাড়তি ভাতায় সংসার চলে না।” দীর্ঘদিন ধরেই পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশ্যাল এডুকেটর, এমএসকে ও এসএসকে কর্মীরা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে রয়েছেন।
গত বাজেটে ঘোষণা অনুযায়ী, চলতি এপ্রিল থেকে প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের ভাতা ১০ হাজার থেকে বেড়ে ১১ হাজার টাকা, উচ্চ প্রাথমিক স্তরে ১৪ হাজার থেকে ১৫ হাজার টাকা হবে। শিক্ষাবন্ধুদের ভাতা ৮ হাজার থেকে বেড়ে ৯ হাজার টাকা করার কথাও জানানো হয়েছে। পাশাপাশি কর্মরত অবস্থায় কারও অকাল মৃত্যু হলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব রয়েছে। এই খাতে ২০২৬–২৭ অর্থবর্ষে ১১০ কোটি টাকা বরাদ্দের কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।
তবে আন্দোলনকারীদের অভিযোগ, এই বৃদ্ধি প্রয়োজনের তুলনায় খুবই কম। ২০১৮ সালের পর থেকে দীর্ঘদিন ভাতা না বাড়ায় মূল্যবৃদ্ধির চাপে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অনেকের দাবি, জনমজুরের থেকেও কম পারিশ্রমিকে শিক্ষার কাজ করতে হচ্ছে তাঁদের। বাজেট ঘোষণার পর আংশিক স্বস্তির কথা শোনা গেলেও এদিনের কর্মসূচি স্পষ্ট করে দিল, পার্শ্বশিক্ষকরা সরকারের ঘোষণায় সন্তুষ্ট নন। আন্দোলনের পথেই নিজেদের দাবি আদায়ের বার্তা দিলেন তাঁরা।
