
পর্দায় তাঁর উপস্থিতি মানেই আলাদা এক প্রশান্তি। কিন্তু সেই পঙ্কজ ত্রিপাঠীই গত এক বছর নিজেকে দূরে রেখেছিলেন গ্ল্যামারের দুনিয়া থেকে। টানা কাজের চাপে সৃজনশীলভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন ‘কালিন ভাইয়া’। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা খোলাখুলি জানালেন, কেন এই বিরতি, আর কীভাবে বদলেছে তাঁর কাজের দর্শন।
পঙ্কজের কথায়, একের পর এক প্রজেক্টে কাজ করতে গিয়ে তিনি নিজের কাজটাই উপভোগ করতে পারছিলেন না। “বিরতিহীন শুটিং, চরিত্র বদল, সব মিলিয়ে এক সময় মনে হচ্ছিল আমি ফাঁকা হয়ে যাচ্ছি। তখন বুঝলাম, থামা দরকার,” বলেন তিনি। সেই বিরতিই তাঁকে নতুন করে ভাবতে শিখিয়েছে। এখন আর শুধুমাত্র নাম বা পারিশ্রমিকের টানে কাজ বাছেন না পঙ্কজ। তাঁর কাছে গুরুত্ব পাচ্ছে গল্পের গভীরতা ও চরিত্রের অর্থবহতা।
ভারতের সিনেমা সংস্কৃতি নিয়েও মত দিয়েছেন অভিনেতা। তাঁর মতে, এ দেশে সিনেমা মূলত বিনোদনের মাধ্যম হলেও গল্প বলার মধ্যে একটা দায়বদ্ধতা থাকা দরকার। “বিনোদনের মোড়কে যদি কিছু ভাবনার খোরাক দেওয়া যায়, সেটাই আমার কাছে সার্থক সিনেমা,” বলছেন তিনি। এই ভাবনা থেকেই ভবিষ্যতে আরও বাছাই করা, অর্থপূর্ণ প্রজেক্টে কাজ করতে চান পঙ্কজ।
শুধু অভিনয় নয়, প্রযোজনাতেও পা রেখেছেন তিনি। ইউটিউবের পে-মডেল সিরিজ ‘পারফেক্ট ফ্যামিলি’-র মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন পঙ্কজ। মধ্যবিত্ত পরিবারের মানসিক স্বাস্থ্য নিয়ে তৈরি এই ড্রামেডি সিরিজে নতুন ধরনের গল্প বলার চেষ্টা করেছেন তিনি।
ভক্তদের জন্য সুখবর, খুব শীঘ্রই পঙ্কজ ফিরছেন তাঁর আইকনিক রূপে। ‘মির্জাপুর: দ্য মুভি’-তে আবারও দেখা যাবে ‘কালিন ভাইয়া’কে। এক বছরের নীরবতার পর তাঁর প্রত্যাবর্তন যে দর্শকের মনে নতুন উত্তেজনা তৈরি করেছে, তা বলাই বাহুল্য।
