
নয়া দিল্লিতে কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, বাজেটে বাংলার নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি, যা রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনারই প্রমাণ। তাঁর অভিযোগ, বাংলা বিপুল পরিমাণ কর দিলেও কেন্দ্রীয় প্রকল্পে যথাযথ বরাদ্দ পাচ্ছে না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে দেশের অর্থনীতি উন্নয়নশীল বলে দাবি করেছেন। তবে তাঁর মতে, বাস্তবে বাংলার মতো রাজ্যগুলো বঞ্চনার শিকার হচ্ছে। তিনি জানান, বাংলা প্রায় ৬.৫ লক্ষ কোটি টাকা কর দেওয়ার পরও মনরেগা, গ্রাম সড়ক যোজনা এবং জল জীবন মিশনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে পর্যাপ্ত সুবিধা পায়নি। এমনকি পানীয় জলের মতো মৌলিক পরিষেবা নিয়েও রাজ্যকে কেন্দ্রের সঙ্গে দরাদরি করতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এদিন সংসদে ‘ট্রিপল ট্যাক্স ট্র্যাপ’ বা তিন স্তরের করের বিষয়টি তুলে ধরেন অভিষেক। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, সাধারণ নাগরিকরা মনে করেন তাঁরা একবার কর দিচ্ছেন, কিন্তু বাস্তবে তিনবার কর দিতে হচ্ছে। প্রথমত, বেতনের ওপর আয়কর দিতে হয়। দ্বিতীয়ত, জিএসটির মাধ্যমে বিস্কুট থেকে স্কুলের খাতা, হাসপাতালের খরচ থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসে পরোক্ষ কর দিতে হয়। তৃতীয়ত, মূল্যবৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়, যাকে তিনি ‘নিঃশব্দ কর’ বলে উল্লেখ করেন।
মধ্যবিত্তদের আর্থিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, বর্তমানে অনেক মধ্যবিত্ত পরিবারের বেতন মাসের শেষ পর্যন্ত টিকছে না। একটি গাড়ি কেনার ক্ষেত্রেও আয়কর, রোড ট্যাক্স এবং টোল ট্যাক্স মিলিয়ে নাগরিকদের একাধিকবার কর দিতে হচ্ছে বলে তিনি দাবি করেন।
এছাড়াও বাংলা ভাষা এবং নাগরিক তালিকা সংক্রান্ত ইস্যুতেও কেন্দ্রের সমালোচনা করেন অভিষেক। তাঁর বক্তব্য, বাংলার মানুষের আত্মসম্মান ও অধিকার রক্ষায় তৃণমূল লড়াই চালিয়ে যাবে এবং কোনও চাপের কাছে মাথা নত করবে না।
