
লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিশানা করে তীব্র পদক্ষেপের পথে হাঁটল বিজেপি। কংগ্রেস সাংসদের সংসদীয় সদস্যপদ বাতিল এবং ভবিষ্যতে নির্বাচনে লড়ার অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়ে নোটিস জমা দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তবে রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের কোনও প্রস্তাব আনবেন না বলেও জানিয়েছেন দুবে।
বৃহস্পতিবার লোকসভায় বক্তৃতা দিতে গিয়ে রাহুল গান্ধী কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026), ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি (US–India Trade Deal), আন্তর্জাতিক বাণিজ্য ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। বিজেপি দাবি করেছে, তাঁর বক্তব্য “তথ্যহীন ও ভিত্তিহীন অভিযোগে পূর্ণ”।
নিশিকান্ত দুবের অভিযোগ, রাহুল বিদেশি সংস্থা যেমন ফোর্ড ফাউন্ডেশন, সোরোস ফাউন্ডেশন, ইউএসএআইডি-র সঙ্গে যোগাযোগ রাখেন এবং থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম ও আমেরিকা সফর করেন। এই সম্পর্ক দেশের স্বার্থবিরোধী শক্তির সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। এজন্যই সংসদীয় পদ বাতিল ও আজীবনের নির্বাচনে নিষেধাজ্ঞার দাবি উঠেছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানের (MM Naravane) অপ্রকাশিত বই ‘Four Stars of Destiny’-এর উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বইটি সরকারি অনুমোদন ছাড়াই আন্তর্জাতিক ডিজিটাল বাজারে পৌঁছেছে বলে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল তদন্ত শুরু7 করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ও অস্ট্রেলিয়ায় বইটির ডিজিটাল ও আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি কংগ্রেস-বিরোধী রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করবে। একই সঙ্গে বিরোধী শিবিরের জন্যও চাপ বাড়িয়েছে, কারণ বাজেট অধিবেশনে রাহুলের সমালোচনা দেশজুড়ে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
