
ওরিও বিস্কুটের চকোলেটি স্বাদ আর ক্রিম চিজের রাজকীয় মিশ্রণ, এই দুইয়ে মিলে তৈরি হয় জিভে জল আনা ‘ওরিও চিজ কেক’। বিশেষ কোনো উৎসব হোক বা প্রিয়জনের মন ভালো করা, ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই চিজ কেক যেমন দেখতে সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। সবচেয়ে মজার ব্যাপার হলো, এটি তৈরি করতে কোনো ওভেন বা বেকিংয়ের ঝক্কি নেই। খুব সহজেই ফ্রিজে সেট করে বানিয়ে নেওয়া যায় এই জিভে জল আনা ডেজার্টটি।
উপকরণ
- সময়: ৬ ঘণ্টা (সেট হওয়া সহ)
- পরিবেশন: ৪-৬ জন
- অরিও বিস্কুট: ২০-২৫ টি
- ক্রিম চিজ: ২০০ গ্রাম
- ফ্রেশ ক্রিম: ১০০ গ্রাম
- গলানো মাখন: ২ টেবিল চামচ
- গুঁড়ো চিনি: ১/৪ কাপ
- ভ্যানিলা এসেন্স: ১ চা চামচ
- ডার্ক চকোলেট: ১/২ কাপ
- বাটার পেপার: প্রয়োজন অনুযায়ী
প্রণালী
প্রথমে ৮-১০টি অরিও বিস্কুট মিক্সিতে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিন। এর মধ্যে ২ টেবিল চামচ গলানো মাখন মিশিয়ে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নিন। এবার একটি চ্যাপ্টা তলা বিশিষ্ট পাত্র বা বেকিং মোল্ডে বাটার পেপার বিছিয়ে অল্প মাখন মাখিয়ে নিন। বিস্কুটের গুঁড়োটা পাত্রে ঢেলে একটি চ্যাপ্টা চামচ দিয়ে চেপে চেপে সমান স্তরে বসিয়ে দিন। মিক্সিতে ক্রিম চিজ, ফ্রেশ ক্রিম, গুঁড়ো চিনি এবং ভ্যানিলা এসেন্স একসঙ্গে নিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি একটি বড় পাত্রে ঢেলে নিন। এখন ৭-৮টি বিস্কুট হাত দিয়ে আধভাঙা বা অমসৃণভাবে গুঁড়ো করে নিন। এই বিস্কুটের টুকরোগুলো ক্রিম চিজের মিশ্রণে দিয়ে চামচ দিয়ে আলতো করে মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি আগে থেকে তৈরি করে রাখা বিস্কুটের স্তরের ওপর ঢেলে চামচ দিয়ে সমানভাবে ছড়িয়ে দিন।
উপরের স্তরের জন্য আরও ৪-৫টি বিস্কুট মিক্সিতে গুঁড়ো করে ক্রিম চিজের ওপর ছড়িয়ে দিন। এরপর ডার্ক চকোলেট সামান্য গরম করে গলিয়ে নিন এবং কেকের ওপর পছন্দমতো নকশা তৈরি করুন। চাইলে বাড়তি কিছু ক্রিম বা আস্ত অরিও বিস্কুট মাঝখান থেকে ভেঙে সাজিয়ে দিতে পারেন। সবশেষে কেকটি সেট হওয়ার জন্য ৪-৫ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। কেকটি পুরোপুরি জমে গেলে ফ্রিজ থেকে বের করে সাবধানে বাটার পেপার ছাড়িয়ে প্লেটে তুলে নিন। ছুরি দিয়ে স্লাইস করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার অরিও চিজ কেক।
টিপস: মনে রাখবেন, চিজ কেকের গঠন ঠিক রাখতে এটি সব সময় ফ্রিজেই সংরক্ষণ করা উচিত।।
