
বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। তার আগেই জোট ও আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত রূপরেখা স্পষ্ট করতে চাইছে Communist Party of India (Marxist)। শুক্রবার কলকাতায় দলীয় বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানালেন, আসন সমঝোতার আলোচনা শেষ পর্যায়ে। ১৮ ফেব্রুয়ারি বামফ্রন্টের বৈঠকের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
সিপিএমের সাধারণ সম্পাদক M. A. Baby-কে পাশে নিয়েই সাংবাদিক বৈঠক করেন সেলিম। সদ্য চোখের অস্ত্রোপচার হওয়ায় কালো চশমা পরে হাজির হন তিনি। হালকা রসিকতার সুরে বলেন, “আমাদের তো ব্র্যান্ডের চশমা নয়।” তবে রাজনৈতিক বার্তায় ছিলেন স্পষ্ট। তাঁর কথায়, বিজেপি ও তৃণমূলের বিরোধী শক্তিগুলির সঙ্গে আলোচনা চলছে।
জোটের প্রশ্নে আইএসএফের নামও উচ্চারণ করেন সেলিম। ফলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে বামেদের পুনরায় সমঝোতার জল্পনা জোরদার হয়েছে। কংগ্রেস ইতিমধ্যেই একা লড়ার ইঙ্গিত দিয়েছে। এই পরিস্থিতিতে বামেরা কাদের সঙ্গে হাত মেলাবে, তা নিয়েই রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে।
অন্যদিকে, এম এ বেবি কেন্দ্র ও রাজ্য দু’সরকারকেই তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর দাবি, গণতন্ত্র আজ সংকটে। নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার উপরও জোর দেন তিনি। বলেন, কমিশনকে কোনও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করতে হবে।
বামফ্রন্টের দাবি, সংগঠনগত প্রস্তুতি জোরকদমে চলছে। জেলা ও বুথস্তরে কর্মসূচি বাড়ানো হচ্ছে। আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি রাজ্য কমিটির বৈঠকে নির্বাচনী কৌশল নিয়ে আরও আলোচনা হবে।
১৮ ফেব্রুয়ারির বৈঠকের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। জোট সমীকরণ চূড়ান্ত হলে তবেই স্পষ্ট হবে, এবারের নির্বাচনে বামেরা কোন পথে হাঁটতে চলেছে।
