
মহাকাশে ফের চমক। পৃথিবীর মতো বৈশিষ্ট্যযুক্ত এক নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে প্রায় ১৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটির নাম দেওয়া হয়েছে HD-137010b। আকার, কক্ষপথ ও নক্ষত্র থেকে দূরত্ব, একাধিক দিক থেকে এই গ্রহটির সঙ্গে পৃথিবীর মিল থাকায় গবেষকদের আগ্রহ তুঙ্গে।
বিজ্ঞানীদের দাবি, গ্রহটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে তার নাম HD-137010। এটি একটি বামন নক্ষত্র, যার ভর সূর্যের প্রায় ৭০ শতাংশ। এই নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে গ্রহটির সময় লাগে ৩৫৫ দিন পৃথিবীর বছরের তুলনায় মাত্র ১০ দিন কম। এই কক্ষপথের দৈর্ঘ্যই গ্রহটিকে বিশেষ গুরুত্ব এনে দিয়েছে।
আকারের দিক থেকে নতুন গ্রহটি পৃথিবীর তুলনায় প্রায় ১.২ গুণ বড়। তবে এটি তুলনামূলকভাবে হিমশীতল। তবুও বিজ্ঞানীরা মনে করছেন, নক্ষত্র থেকে এর দূরত্ব এমন একটি অঞ্চলে, যেখানে তরল জলের অস্তিত্ব সম্ভব হতে পারে। আর জল থাকলেই প্রাণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
আরও একটি আশার দিক হলো, নক্ষত্রটির তেজ সূর্যের তুলনায় কম হলেও এর আয়ু দীর্ঘ। অর্থাৎ দীর্ঘ সময় ধরে গ্রহটির ওপর স্থিতিশীল পরিবেশ বজায় থাকতে পারে। গবেষকদের মতে, কক্ষপথের গঠন ও অবস্থান এমন যে ভবিষ্যতে আরও বিশদ পর্যবেক্ষণের মাধ্যমে এই গ্রহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
এটাই প্রথমবার নয় যে পৃথিবী সদৃশ গ্রহের সন্ধান মিলল, তবে ব্যাসার্ধ, কক্ষপথের সময়কাল এবং নক্ষত্রের প্রকৃতি—সব মিলিয়ে এই আবিষ্কার বিশেষ তাৎপর্যপূর্ণ। আগামী দিনে উন্নত দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই গ্রহে প্রাণের সম্ভাবনা খতিয়ে দেখার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা।
