
ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে (India AI Impact Summit) চরম বিতর্ক সৃষ্টি করল নয়ডার গালগোটিয়াস বিশ্ববিদ্যালয় (Galgotias University)। বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বাজারচলতি চীনা রোবোটিক ডগ ‘ইউনিট্রি গো–টু’ (Unitree Go2)–কে নিজেদের উদ্ভাবন হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করায় তাঁরা প্রদর্শনী এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রোবোটটিকে ‘ওরিয়ন’ (Orion) নামে পরিচয় দিয়ে দাবি করা হয় যে এটি বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স তৈরি করেছে।
তবে ঘটনা প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় জানায়, রোবোটটি কিনে আনা হয়েছে এবং ছাত্রছাত্রীদের শেখানোর কাজে ব্যবহার হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রযুক্তি–প্রেমীরা সহজেই এটি চীনা রোবোট হিসেবে চিহ্নিত করেন এবং বিভ্রান্তিকর দাবি নিয়ে প্রশ্ন তোলেন। বিশ্ববিদ্যালয় পরবর্তীতে এক পোস্টে পুরো বিষয়টিকে “প্রোপাগান্ডা ক্যাম্পেইন” বলে ব্যাখ্যা করে।
সামিট আয়োজকেরা জানিয়েছেন, ভুল তথ্য দিয়ে প্রযুক্তি–উদ্ভাবনের মঞ্চে উপস্থিত হওয়া যায় না। বিতর্ক বাড়ায় তারা বিশ্ববিদ্যালয়কে প্রদর্শনী এলাকা খালি করার নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্তও শুরু হয়েছে। এই ঘটনা প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রেও সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে, যেখানে শিক্ষামূলক প্রদর্শনীতে প্রকৃত উদ্ভাবন ও ক্রয়কৃত প্রযুক্তির মধ্যে পার্থক্য স্পষ্ট করা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোবোটের দাম ভারতে ২ থেকে ৩ লাখ টাকা, এবং এটি শুধুমাত্র শিক্ষামূলক কাজে ব্যবহার হচ্ছে। তবে ভিডিও ও প্রদর্শনীতে বিভ্রান্তিকর দাবির কারণে এই বিষয়টি সামাজিক মাধ্যমে তুমুল চর্চার বিষয় হয়েছে।
