
এক শব্দ, অথচ তাতেই তোলপাড় গোটা নেটদুনিয়া। বুধবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ‘চুপ’ লিখে পোস্ট করেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। কোনও ব্যাখ্যা নেই, নেই প্রেক্ষাপট কিন্তু এই সংক্ষিপ্ত বার্তাই এখন ভক্তমহল থেকে টিনসেল টাউন সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু।
বিগ বি-র পোস্ট ঘিরে মুহূর্তে ছড়িয়ে পড়ে জল্পনা। মন্তব্যের বন্যায় ভেসে যায় তাঁর সোশ্যাল মিডিয়া পেজ। কেউ উদ্বিগ্ন হয়ে জানতে চান, সব ঠিক আছে তো? কেউ আবার লেখেন, “আপনি বলুন, আমরা চুপ করে শুনব।” দীর্ঘ কেরিয়ারে বহুবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন অমিতাভ, কিন্তু এবারের সুর অনেকের কাছেই কড়া মনে হয়েছে।
গত কয়েক মাস ধরে বচ্চন পরিবারের অন্দরমহল নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড মহলে। তারই প্রেক্ষিতে কি এই ‘চুপ’ বার্তা? নাকি চলতি কোনও বিতর্কে বিরক্ত হয়েই এমন মন্তব্য? এর আগেও পারিবারিক জল্পনার সময় তিনি ‘শান্ত হও’ লিখে পরিস্থিতি সামাল দিতে চেয়েছিলেন। ফলে অনেকেই মনে করছেন, এবারও হয়তো সেই ধারাবাহিকতারই ইঙ্গিত।
তবে এটাও ঠিক, দর্শন ও জীবনবোধ নিয়ে মাঝেমধ্যেই রহস্যময় পোস্ট করেন তিনি। তাই সমাজের কোলাহল থেকে দূরে থাকার বার্তা দিতেই কি এই শব্দচয়ন? নাকি কোনও বড় ঘোষণা আসতে চলেছে? উত্তর অবশ্য দেননি স্বয়ং অভিনেতা।
ভক্তরা আপাতত ‘চুপ’ থাকলেও, কৌতূহলের পারদ ক্রমেই চড়ছে। এক শব্দেই ফের প্রমাণ করলেন, অমিতাভ বচ্চনের নীরবতাও খবর হয়ে ওঠে।
