
ফাল্গুনের শুরুতেই রাজ্যে শীতের দাপট অনেকটাই কমেছে। ভোর ও রাতে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উধাও হচ্ছে ঠান্ডা। Alipore Meteorological Department সূত্রে খবর, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯.৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। দিনের দিকে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা নেই। ফলে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি বা ঝড়ের কোনও আশঙ্কা নেই।
কলকাতা সহ হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুষ্ক আবহাওয়া থাকবে। সকালে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যেতে পারে, তবে দিনের দিকে আকাশ পরিষ্কার থাকবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। ২০ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ উভয় তাপমাত্রাই ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ছুঁতে পারে বলেও ইঙ্গিত।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় এখনও শীতের আমেজ রয়েছে। উত্তুরে হাওয়া ও মাঝারি কুয়াশা আগামী কয়েক দিন অব্যাহত থাকবে। তবে শনিবারের পর থেকে সেখানেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে, ফেব্রুয়ারি শেষ হতে না হতেই রাজ্য জুড়ে শীতের বিদায় ঘণ্টা বেজে যেতে পারে। এখন নজর বাড়ন্ত পারদের দিকেই।
