
দল ছাড়ার পরেই আক্রমণের ঝাঁজ আরও বাড়ালেন তরুণ নেতা প্রতীক-উর রহমান। তাঁর নিশানায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সরাসরি নাম করে তাঁকে ‘গব্বর সিং’ বলে কটাক্ষ করেছেন প্রতীক-উর। দাবি করেছেন, সিপিএমের অন্দরে এখন ‘ডর কা মহল’ তৈরি হয়েছে, যেখানে নেতৃত্বের বিরুদ্ধে কথা বললেই নাকি শাস্তি নেমে আসে।
৩৪ বছরের শাসনের ইতিহাস থাকা দল আজ সাংগঠনিকভাবে দুর্বল এই প্রেক্ষাপটে প্রতীক-উরের বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে। তাঁর অভিযোগ, সেলিমের নেতৃত্বে দল এমন জায়গায় পৌঁছেছে যেখানে স্বাধীন মত প্রকাশের সুযোগ নেই। “রাহুল দ্রাবিড়ের মতো ‘ইয়েস স্যর’ বললে তবেই কাজ মেলে,” মন্তব্য তাঁর। পাশাপাশি তিনি ‘মোগাম্বো’ থেকে শুরু করে হিন্দি ছবির একাধিক ভিলেনের সঙ্গেও তুলনা টানেন সেলিমের।
প্রতীক-উরের আরও বিস্ফোরক দাবি, দলে কেউ নেতৃত্বের সিদ্ধান্তে আপত্তি তুললে তাঁর বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালানো হয়। কখনও ব্যক্তিগত চরিত্রহননের চেষ্টা, কখনও অন্য দলের সঙ্গে ‘সেটিং’-এর অভিযোগ ছড়িয়ে দেওয়া এভাবেই বিরোধীদের চুপ করানো হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তরুণ এই রাজনীতিক।
তবে সিপিএমের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বিস্ফোরক মন্তব্য শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং বাম শিবিরের অন্দরমহলের অস্থিরতার ইঙ্গিত। প্রশ্ন উঠছে, প্রতীক-উরের এই অভিযোগ কি বৃহত্তর ক্ষোভের প্রতিফলন, নাকি ব্যক্তিগত অভিমান? রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা ততক্ষণে জোরালো।
