
মাওলাই মাওইয়ংয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল শিলংয়ের সাংসদ রিকি এ জে সিংকনের। চিকিৎসকের প্রাথমিক ধারণা অনুযায়ী, হঠাৎ ঘটে যাওয়া কার্ডিয়াক অ্যারেস্টই প্রাণ কেড়ে নিলেন জনপ্রিয় এই ভিপিপি নেতাকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিংকন বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন। খেলাধুলার সময় তিনি হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা বন্ধুরা তাঁকে দ্রুত মাওইয়ং কমিউনিটি হেলথ সেন্টারে (CHC) নিয়ে যান। কিন্তু তখন সেন্টারে চিকিৎসক ছিলেন না, ফলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। এরপর তাঁকে দ্রুত শিলংয়ের ড. এইচ গর্ডন রবার্টস হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু ঘোষণা করা হয়।
সিংকনের বন্ধুরা অভিযোগ করেছেন, হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়নি, যা হয়তো জীবনের জন্য জরুরি ছিল। রাত ৮টা ৪২ মিনিটে তাঁর মৃত্যু ঘোষণা করা হয়। এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে আসে।
রিকি সিংকন ছিলেন প্রথমবারের সাংসদ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি প্রাক্তন কংগ্রেস সাংসদ ভিনসেন্ট এইচ পালাকে প্রায় ৩.৭ লক্ষ ভোটে পরাজিত করেছিলেন। তাঁর মৃত্যুতে রাজ্যের রাজনৈতিক নেতারা হাসপাতালে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা লিখেছেন, “ড. রিকি ছিলেন নিষ্ঠাবান, বিনয়ী এবং সমাজকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখা নেতা। এমন আকস্মিক মৃত্যু গভীর শূন্যতা সৃষ্টি করল।”
প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন, কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে প্রথম কয়েক মিনিটে চিকিৎসা পেলে রোগী বাঁচতে পারতেন, কিন্তু সময়মতো চিকিৎসা না পাওয়ায় রক্ষা সম্ভব হয়নি। রাজ্য রাজনীতি এখন এই শোকে স্তব্ধ।
