
নয়া দিল্লি: দেশের পরিবহণ পরিকাঠামোয় আরও এক মাইলফলক। প্রধানমন্ত্রী Narendra Modi রবিবার উদ্বোধন করলেন ভারতের দ্রুততম মেট্রো পরিষেবা ও দিল্লি-মিরাট নমো ভারত র্যাপিড রেল করিডর। এর ফলে মাত্র ৫৫ মিনিটেই দিল্লি থেকে মিরাট পৌঁছনো যাবে। ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিবেগে ছুটবে এই মেট্রো, যা দেশের দ্রুততম নগর রেল পরিষেবা হিসেবে আত্মপ্রকাশ করল।
৮২.১৫ কিলোমিটার দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মিরাট নমো ভারত করিডর ভারতের প্রথম আঞ্চলিক র্যাপিড ট্রানজিট সিস্টেম। দিল্লির সরাই কালে খান থেকে উত্তর প্রদেশের মোদীপুরম পর্যন্ত বিস্তৃত এই রুটে চলবে আধুনিক র্যাপিড রেল। এর মধ্যে ২৩ কিলোমিটার দীর্ঘ মিরাট মেট্রো নমো ভারত রেলের সঙ্গে একই ট্র্যাক ব্যবহার করবে, ফলে যাত্রীদের যাতায়াত হবে আরও সহজ ও দ্রুত।
দুপুর সাড়ে ১২টায় মিরাটের শতাব্দী নগর স্টেশন থেকে উদ্বোধনী যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি মিরাট সাউথ পর্যন্ত মেট্রোয় সফর করেন এবং পরে প্রায় ১২ হাজার ৯৩০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন।
নমো ভারত রেলের ডিজাইন স্পিড ঘণ্টায় ১৩৫ কিলোমিটার হলেও পরিষেবা চলবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে। ব্যস্ত সময়ে প্রতি ৫-১০ মিনিট অন্তর ট্রেন মিলবে, অন্য সময়ে ১০-১৫ মিনিট ব্যবধানে চলবে পরিষেবা। সপ্তাহের কর্মদিবসে ভোর ৬টা থেকে রাত ১০টা এবং রবিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেট্রো।
একই টিকিটে মেট্রো ও র্যাপিড রেলে যাতায়াতের সুবিধা মিলবে। অত্যাধুনিক এসি কোচ, সিসিটিভি নজরদারি, ইউএসবি চার্জিং পয়েন্ট ও আরামদায়ক আসনসহ এই পরিষেবা উত্তর ভারতের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
