
রবিবার সকালেই ভোগান্তির ছবি ধরা পড়ল শিয়ালদহ স্টেশন-এ। দক্ষিণ শাখার একাধিক লোকাল ট্রেন ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে চলায় চরম দুর্ভোগে পড়লেন যাত্রীরা। ডিসপ্লে বোর্ড দীর্ঘক্ষণ অচল থাকায় কোন ট্রেন কখন ছাড়বে, তা নিয়েও তৈরি হয় বিভ্রান্তি।
রেল সূত্রে জানা গিয়েছে, পার্ক সার্কাস স্টেশনে পাওয়ার ব্লকের জেরে এই বিপত্তি। সাধারণত ভোর চারটেয় লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন-গামী প্রথম লোকাল ছেড়ে যায়। কিন্তু এ দিন প্রায় তিন ঘণ্টা পর সেই ট্রেন ছাড়ে। বেশ কয়েকটি লোকালের ঘোষণাও হয়নি বলে অভিযোগ যাত্রীদের।
দক্ষিণ শাখার ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, নামখানা ও বারুইপুরমুখী ট্রেন সোনারপুর থেকে চালানো হয়। অন্যদিকে ডায়মন্ড হারবার ও বজবজ লাইনের ট্রেন চলেছে বালিগঞ্জ থেকে। ফলে বহু যাত্রী মাঝপথে নেমে বিকল্প ট্রেন ধরতে বাধ্য হন।
স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রী বলেন, “অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। বোর্ডে কিছু দেখাচ্ছে না। ট্রেন এলেই হুড়োহুড়ি শুরু হচ্ছে।” রবিবার হওয়ায় অফিস টাইমের চাপ না থাকলেও ট্রেন দেরিতে চলায় ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। একটি ট্রেন ঢুকতেই তাতে হুড়মুড় করে উঠে পড়েন যাত্রীরা।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পাওয়ার ব্লকের কাজ শেষ হলেই পরিষেবা স্বাভাবিক হবে। তবে হঠাৎ এমন বিপর্যয়ে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। ভোটের আগে শহরের অন্যতম ব্যস্ত শাখায় এই অচলাবস্থা নিয়ে প্রশ্ন উঠছে পরিষেবা ব্যবস্থাপনা নিয়েও।
