
হাওড়ার গোলাবাড়ি এলাকায় ভোরবেলা দুষ্কৃতীদের গুলিতে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোর প্রায় সাড়ে চারটার সময় এই ঘটনা ঘটে। মৃত যুবকের নাম সফিক খান। তিনি গোলাবাড়ি থানার পিলখানা এলাকার বাসিন্দা এবং প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, ভোরে বাড়ির কাছেই রাস্তার ধারে খাবার নিতে বেরিয়েছিলেন সফিক। সেই সময় দু’জন ব্যক্তি সেখানে এসে তাঁর সঙ্গে কথা বলতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই একজন পিছন থেকে বন্দুক বের করে সফিকের মাথায় গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তেই দুষ্কৃতীরা আরও কয়েক রাউন্ড গুলি চালায়। এরপর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় তারা।
পুরো ঘটনাটি কাছাকাছি থাকা একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, একজন সামনে দাঁড়িয়ে কথা বলছে এবং আরেকজন পিছনে চলে যায়। আচমকা পিছন থেকে গুলি চালানোর পর মাটিতে পড়ে যান সফিক। তারপর হামলাকারীরা পরপর গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা পারভেজ জানান, ভোর ৪টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। তাঁর কথায়, দু’জন ব্যক্তি এসে সফিককে উদ্দেশ্য করে বলে, “আমায় খুঁজছিলি?” এরপর একজন সামনে এবং অন্যজন পিছনে গিয়ে গুলি চালায়। মাথায় দু’টি এবং বুকে দু’টি গুলি করা হয় বলে দাবি করেন তিনি। গুলির শব্দে আশপাশে থাকা কয়েকজন আতঙ্কে সেখান থেকে পালিয়ে যান।
গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত সফিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পুরনো শত্রুতা বা ব্যক্তিগত বিবাদের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে। মৃতের পরিবারের অভিযোগ, এলাকার এক ব্যক্তির সঙ্গে আগে ঝামেলা ছিল এবং সেই কারণেই এই ঘটনা ঘটেছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
