
ভোটের মুখে রাজ্য রাজনীতিতে বড় চমক। এশীয় ক্রীড়া আসরে সোনাজয়ী ক্রীড়াবিদ Swapna Barman শুক্রবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন All India Trinamool Congress-এ। কলকাতায় দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তিনি ঘাসফুলের পতাকা তুলে নেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে সংগঠন মজবুত করতে এই যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
দলে যোগ দিয়েই স্বপ্না স্পষ্ট জানিয়ে দেন, তাঁর অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী Mamata Banerjee। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী তৃণমূল স্তর থেকে উঠে এসে আজ বাংলাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, তা অন্য রাজ্যের পক্ষে অসম্ভব। বাংলার মানুষের জন্য যে সব প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে।” স্বপ্নার বক্তব্য, মানুষের সেবায় কাজ করার বৃহত্তর ক্ষেত্র তৈরি করতেই তাঁর এই সিদ্ধান্ত।
শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু, পাশাপাশি শিলিগুড়ির পুরপ্রধান গৌতম দেব। তাঁদের হাত থেকেই দলীয় পতাকা গ্রহণ করেন স্বপ্না। কয়েক দিন আগেই শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। অবশেষে সেই জল্পনারই অবসান ঘটল।
২০১৮ সালে এশীয় ক্রীড়া আসরে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন স্বপ্না বর্মন। পরে পিঠের চোটের কারণে ধীরে ধীরে ক্রীড়াক্ষেত্র থেকে সরে আসেন তিনি। অর্জুন পুরস্কারেও সম্মানিত হয়েছেন এই ক্রীড়াবিদ। বর্তমানে তিনি উত্তর-পূর্ব সীমান্ত রেলের কর্মী।
উত্তরবঙ্গে এর আগে কার্শিয়াংয়ের বিধায়ক Vishnu Prasad Sharma-ও ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। ফলে পাহাড় থেকে সমতল, সর্বত্রই সংগঠন বিস্তারে শাসকদল যে সক্রিয়, তা স্পষ্ট। ভোটের আগে স্বপ্নার এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।
