
চূড়ান্ত SIR তালিকা প্রকাশের পর নতুন বিতর্ক। জাতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী তারকা রিচা ঘোষ-এর নামও ‘Under Adjudication’ হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ তাঁর ভোটার তালিকায় নাম ওঠা এখনও চূড়ান্ত নয়।
শনিবার Election Commission of India-র তরফে প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট ৭ কোটি ৪ লক্ষের বেশি নাম থাকলেও প্রায় ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম ‘অ্যাডজুডিকেটেড’ বিভাগে রাখা হয়েছে। এই ক্যাটেগরির অর্থ, নথি যাচাই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, বিচারাধীন অবস্থায় রয়েছে সংশ্লিষ্ট নামগুলি।
সুপ্রিম কোর্টের নির্দেশে নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা SIR-সংক্রান্ত নথিপত্রের শেষ পর্যায়ের খতিয়ান যাচাই করছেন। সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নামগুলি চূড়ান্ত হিসেবে গণ্য হবে না। রিচা ঘোষের নামও সেই তালিকায় থাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এত বিপুল সংখ্যক নাম অনিশ্চিত রেখে তালিকা প্রকাশ প্রমাণ করে গোটা প্রক্রিয়ায় পরিকল্পনার ঘাটতি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, স্বল্প সময় ও পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বহু বৈধ নাম বাদ পড়তে পারে।
প্রশ্ন উঠছে, যিনি দেশের হয়ে বিশ্বকাপ জিতে এনেছেন, তাঁর নামও যদি বিচারাধীন তালিকায় যায়, তবে সাধারণ ভোটারদের ক্ষেত্রে পরিস্থিতি কী? নির্বাচন কমিশনের তরফে এখনও নির্দিষ্টভাবে রিচা ঘোষের প্রসঙ্গে কোনও আলাদা মন্তব্য করা হয়নি।
এখন নজর, বিচার প্রক্রিয়া কবে সম্পূর্ণ হবে এবং ‘অ্যাডজুডিকেটেড’ তালিকায় থাকা নামগুলির চূড়ান্ত সিদ্ধান্ত কবে জানানো হবে।
