
কলকাতা: দোল ও হোলি উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভিড় সামাল দিতে একগুচ্ছ বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। হাওড়া ও শিয়ালদহ স্টেশন ঘিরে বাড়তি সতর্কতা ও যাত্রী পরিষেবার একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলের দাবি, উৎসবের সময় যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক সফর নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
পূর্ব রেল জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশগামী একাধিক ‘হোলি স্পেশ্যাল ট্রেন’ চলবে নির্দিষ্ট সময়সূচি মেনে। ভিড় নিয়ন্ত্রণে প্রধান স্টেশনগুলিতে চালু করা হয়েছে বিশেষ ‘হোল্ডিং এরিয়া’ বা অস্থায়ী প্রতীক্ষালয়। প্ল্যাটফর্ম নম্বর ঘোষণার আগে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে অপেক্ষা করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থা। সেখানে পানীয় জলের সুব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি জরুরি চিকিৎসার জন্য মোবাইল মেডিক্যাল বুথও থাকছে।
যাত্রী সহায়তায় ‘মে আই হেল্প ইউ’ কাউন্টারগুলিতে বাড়ানো হয়েছে কর্মীর সংখ্যা। মাঠপর্যায়ে নজরদারির জন্য আধিকারিক ও সুপারভাইজারদের ২৪ ঘণ্টার শিফটে মোতায়েন করা হয়েছে। স্টেশনের প্রতিটি কোণে কড়া নজর রাখতে হাই-ডেফিনিশন সিসিটিভি ক্যামেরা সক্রিয় রাখা হয়েছে।
টিকিট কাউন্টারে ভিড় কমাতে ডিজিটাল পদ্ধতিতে জোর দিচ্ছে রেল। যাত্রীদের এম-ইউটিএস অ্যাপ ব্যবহার করে অসংরক্ষিত টিকিট কাটার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ডিজিটাল ডিসপ্লে বোর্ড ও ঘনঘন ঘোষণার মাধ্যমে ট্রেন সংক্রান্ত আপডেট দেওয়া হচ্ছে।
উৎসবের মরশুমে হাজার হাজার পরিযায়ী শ্রমিক ও সাধারণ মানুষ বাড়ি ফিরছেন। সেই ভিড় সামলাতে রেলের এই বিশেষ উদ্যোগে কিছুটা স্বস্তি মিলবে বলেই আশা করা হচ্ছে।
