
সতর্কতা এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে সম্পন্ন হল স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ ‘সি’ পদের নিয়োগ পরীক্ষা। রবিবার ১ম SLST (NTS), ২০২৫-এর এই লিখিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার কথা সামাজিকমাধ্যমে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে এই বৃহৎ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজন করার জন্য কমিশন ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী তাঁর পোস্টে জানান, এই পদের জন্য মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৮,০৯,৬১৯ জন। এর মধ্যে প্রায় ৮৪ শতাংশ পরীক্ষার্থী আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। রাজ্যের স্কুলগুলোতে অশিক্ষক কর্মী নিয়োগের এই পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল নজরকাড়া।
এবারের পরীক্ষায় একটি উল্লেখযোগ্য দিক হল ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ। ব্রাত্য বসুর দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৪৮৯৩ জন ভিনরাজ্যের পরীক্ষার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। যার মধ্যে উত্তর প্রদেশ ও বিহারের মতো বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলো থেকে প্রায় ৩০০০-এরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছেন।
বিরোধীদের তোলা দুর্নীতির অভিযোগ বা অপপ্রচারের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, ভিনরাজ্যের এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণ প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ সরকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রতি সাধারণ মানুষের অটুট আস্থা রয়েছে। দলমত নির্বিশেষে এই অংশগ্রহণকে তিনি রাজ্য সরকারের একটি “জ্বলন্ত দৃষ্টান্ত” হিসেবে অভিহিত করেছেন।
পরিশেষে, পরীক্ষার এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করার জন্য স্কুল সার্ভিস কমিশন, জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের সকল স্তরের কর্মীদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
