
গোটা বিশ্বের বর্তমান চর্চিত বিষয় ইরান-ইসরায়েল সংঘাত। এই আবহে অল ইংল্যান্ড ওপেনে অংশ নিতে যাওয়ার পথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন ভারতীয় ব্যটমিন তারকা পিভি সিন্ধু। বিমানবন্দরের ভেতরে যে জায়গায় তিনি ও তাঁর দল আশ্রয় নিয়েছিলেন, তার কাছেই বিস্ফোরণ ঘটায় দ্রুত তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
দুইবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু বার্মিংহামে অনুষ্ঠিত হতে চলা মর্যাদাপূর্ণ অল ইংল্যান্ড ওপেন প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিলেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় খেলতে যাওয়ার কথা ছিল তাঁর। তবে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের জেরে বিমান চলাচলে বড়সড় বিঘ্ন সৃষ্টি হওয়ায় দুবাই বিমানবন্দরে আটকে পড়েন তিনি। সিন্ধু নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সমাজমাধ্যমে।
তিনি লেখেন, “পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। কয়েক ঘণ্টা আগে বিমানবন্দরের ভেতরে যেখানে আমরা আশ্রয় নিয়েছিলাম, তার খুব কাছেই একটি বিস্ফোরণ ঘটে।”
বিস্ফোরণের পর ধোঁয়া ও ধ্বংসাবশেষ দেখা যায় বলে জানান তিনি। তাঁর কোচ ঘটনাস্থলের সবচেয়ে কাছে থাকায় সতর্কতাবশত দ্রুত সেখান থেকে সরে যেতে বাধ্য হন। সিন্ধু আরও বলেন, “এই ঘটনা আমাদের সবার জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও ভীতিকর ছিল।”
পরবর্তীতে তিনি নিশ্চিত করেন, দলের সকল সদস্য নিরাপদে আছেন এবং তাঁদের বিমানবন্দরের ভেতর আরও সুরক্ষিত স্থানে স্থানান্তর করা হয়েছে। এই সময় দ্রুত সহায়তার জন্য দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন তিনি।
এছাড়া দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ক্রমাগত সহায়তা ও সমন্বয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সিন্ধু।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আপাতত বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। এর আগে ইনস্টাগ্রামে বিমানবন্দরের ভেতরের কিছু দৃশ্য শেয়ার করে সিন্ধু লিখেছিলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব উড়ান স্থগিত রাখা হয়েছে।
ঘটনায় আতঙ্ক ছড়ালেও বর্তমানে সিন্ধু ও তাঁর দল নিরাপদে আছেন বলে জানা গিয়েছে। বিমানবন্দর সংলগ্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।
