
ইরান প্রধান আয়াতুল্লাহ আলি খামেনেইর মৃত্যুর প্রতিবাদে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এই আবহে জনগণকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। রবিবার জম্মু কাশ্মীরের প্রধান এলাকাগুলোতে খামেনির মৃত্যুর এই ঘটনার প্রতিবাদে কয়েকশো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।
ইরানি সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় খামেনেইর মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শ্রীনগরসহ কাশ্মীরের একাধিক জায়গায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলের মাধ্যমে পোস্ট করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তাঁর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী সমস্ত সম্প্রদায়ের মানুষকে ধৈর্য ধরার এবং শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, এমন কোনও কাজ করা উচিত হবে না যা সাম্প্রদায়িক সম্প্রীতি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটায়।
পাশাপাশি, ইরানে অবস্থানরত জম্মু-কাশ্মীরের ছাত্র এবং অন্যান্য বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইরানে থাকা উপত্যকার বাসিন্দাদের সুরক্ষা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইরানের ঘটনার রেশ ধরে কাশ্মীরের বেশ কিছু এলাকায় কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ মানুষ। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে।
