
কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে নাটকীয় সমীকরণের মাঝে শেষ পর্যন্ত ছিটকে গেল পাকিস্তান। ফলে বড় সুখবর পেল কলকাতা। ৪ মার্চ ইডেন গার্ডেন্সে বসছে প্রথম সেমিফাইনাল।
পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জিততেই হত পাকিস্তানকে। টসে হেরে প্রথমে ব্যাট করে ২১২/৮ তোলে তারা। ওপেনার শাহিবজাদা ফারহান দুরন্ত শতরান (১০০) করেন, ফখর জামান যোগ করেন ৮৪। সমীকরণ ছিল, শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে হবে। কিন্তু ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত।
শেষ ওভারে দাসুন শনাকা বনাম শাহিন শাহ আফ্রিদি লড়াইয়ে ওঠে উত্তেজনা। ওভারে আসে ২২ রান—৪, ৬, ৬, ৬, ০, ০। শেষ বলটি ওয়াইড ছিল কি না, তা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। শনাকা অপরাজিত ৭৬ (৩১ বলে) রানের ইনিংস খেলেন। পাকিস্তান ম্যাচ জেতে ৫ রানে, কিন্তু প্রয়োজনীয় ৬৪ রানের ব্যবধান না হওয়ায় নেট রান রেটে পিছিয়ে পড়ে। পাকিস্তানের (-০.১২৩) চেয়ে এগিয়ে থেকে নিউজিল্যান্ড (+১.৩৯০) সেমিফাইনালে উঠে যায়।
এই ফলেই ৪ মার্চ ইডেনে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ৫ মার্চ মুম্বইয়ে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড এবং ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের বিজয়ী দল। ভারতের কাছে সমীকরণ পরিষ্কার আজ জিতলেই শেষ চারে জায়গা নিশ্চিত, হারলেই বিদায়।
২০১৬ সালের বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এখনও টাটকা ইডেনের গ্যালারিতে। এক দশক পর আবার বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে উন্মাদনা ছড়াতে শুরু করেছে কলকাতায়। ক্রিকেটপ্রেমীদের নজর এখন ইডেনের মহারণে।
